চার কেদার এক বদ্রী- কল্পনাথ



সকালের মিঠেকড়া রোদ, সাথে হাল্কা ঠাণ্ডা হাওয়া, জম্পেশ লাগছিল মাইরি জার্নিটা।  তারপর সক্কাল বেলা, সেক্সি বউদি অ্যান্ড টিম জীন্সের ইউনিফর্ম পরে ঘোড়া ব্র্যান্ডের খচ্চরের পিঠে  চড়ে দুলতে দুলতে আর দোলাতে দোলাতে বেড়িয়ে যাওয়া দেখে মনটা হেবভি খুশ। যাওয়ার আগে একবার অনুপমের দিকে  আলচোখে তাকিয়েও গেল। ব্যাস আর যায় কোথায়, আবার অনুপমের হাসি কানছোঁয়া – দেখলে , দেখলে গোরাদা, দেখলে, সাচ্চা লোকের দিল মেয়েরা (এখানে বউদিরা হত…) এমনিতেই চিনতে পারে,।।
“তা যা বলেছিস”, হঠাত ফুট কাটল পদ্ম, “ জঙ্গল থেকে নেমে এসেছিস, ওপরে কেউ খোঁজ করলে খবর দিতে হবে কি না,  তাই ভাল করে দেখে রাখলো।
খ্যা খ্যা করে হেসে উঠলো গোরাও- “ নিজেকে  উর্বশী ভাবছিস নাকি একটু সুদল মেখে? যাস আমার সাথে লেকের ধারে- ।একেকটা করে চামকি বৌদি দেখবি, আর মাথা ঘুরে পড়ে যাবি। চটি ও রাখতে বলবে না তোকে কেউ। কি আর করবি, মাংস তো পাবি না, ঝোলটাই চেখে দ্যাখ’।

অনুপম কি আর দমবার পাত্র- ‘ যাও যাও,  খেলা এখানে দেখাও না দেখি ! । ওরকম অনেক দেখেছি; ক্যারদানি কার কত, জানা আছে, আঙ্গুর তো টক লাগবেই। যেমন পিসী, তেমনি তার ভাইপো, বাতেলা মেরেই গেল, গত ৯ বছর ধরে…।আবার বিপজ্জনক দিকে মোড়  নিতে শুরু করেছে আলোচনা, পদ্মও এবার তাল দিচ্ছে  – চলবে মোটামুটি আধঘণ্টা। যতক্ষণ না গোরা খচে গিয়ে ‘শ’কার, ‘ব’ কার ব্যবহার করতে শুরু করছে( তাও in the filthiest terminology..) , ততক্ষন চলবে এটা। গোরার এটাই এক ভয়ানক দুর্বল জায়গা।

আমার আবার মোজাজোড়া, কাল রাতে ধুয়ে দিয়েছিলাম। এখনো শুঁকোয় নি। কি করি কি করি ভাবতে ভাবতে গিয়ে দেখলাম পদ্মরা তখনও গাড়ির ছাঁদে মাল লোড করছে, আমি সুযোগ বুঝে মেলে দিলাম গাড়ির বাঁদিকের পেছনের জানালায়। আর চুপ করে গুটি গুটি পায়ে  বসে গেলাম ডানদিকে। ব্যাস, ঝগড়া থামিয়ে অনুপম ”এই কি করছ কি করছ “ করতে করতে তেড়ে এল- ওদিকটা আমি বসব- আমি কি মোজার গন্ধ শুঁকতে শুঁকতে যাব নাকি।ও কে যত হাইজিন বোঝাতে যাই যে ভেজা মোজায় গন্ধ হবে, আর বাইরে থাকলে দু মিনিটে শুঁকিয়ে যাবে, তো কে কার কথা শোনে, ও এমন খাউ খাউ করতে থাকল যে কি আর করি আমি আবার ব্যাজার মুখে  নাকের ওপর মোজা নিয়ে বাঁ দিকেই গিয়ে  বসলাম। সামনে পদ্ম, মাঝে গোরা – গাড়ি ছাড়ল। আবার চলা শুরু। এবার কল্পনাথ ।

সরু রাস্তা; জনপদের মধ্য দিয়ে চলেছি। বাজার ধীরে ধীরে বসছে। গাড়ির গতি ও ঢিমে। তাড়াতাড়ি বেরোবার একটা কারণ আজই আমরা কল্পনাথ হয়ে বদ্রীনাথ পৌঁছতে চাইছি। লম্বা রাস্তা। নষ্ট করার মত সময় বেশী নেই। কাল সকাল সকাল বদ্রীনাথজির দর্শন শেষ করে বেরবো মানাগ্রাম হয়ে বসুধরা ফলস।মন টাও বেশ খুশী খুশী ই আছে, হাড়ভাঙ্গা হাঁটা আর নেই। আসলে হাঁটা টা ব্যাপার নয়, কিন্তু তার সাথে হঠাত হঠাৎ বৃষ্টি এসে অবস্থা প্রচণ্ড কঠিন করে তুলছিল। এতবার ভিজেছি আর গায়ের জল গায়ে শুকিয়েছে যে তার আর কোন হিসাব নেই। এখন প্রায় পুরো রাস্তাটাই  গাড়িতে,  তো বেশ  খোশমেজাজেই যাচ্ছি।

চামোলি বাজারের মুখটায় হঠাত গাড়িটা একটু আস্তে করে প্রমোদ জিজ্ঞেস করল  “গোপীনাথজি কা মন্দির দেখিয়েগা? বহোত ফেমাস হ্যাঁয়, রুদ্রানাথজী ঠান্ড কা মৌসমমে ইসি মন্দিরমে  রহতে হ্যাঁয়।  এই মন্দিরেরে কথা আগে জানা ছিল না তাই পরিকল্পনাও ছিল না।কিন্তু শিব বাবাজির দর্শনে বেরিয়েছি, সবই  তেনার ইচ্ছে। আমরা তো নিমিত্ত মাত্র।এককথায় সায় দিলাম।

গাড়িটা ঘুরতেই দৃষ্টি এক পেল্লাই  মন্দিরে ধাক্কা খেল। কালো রঙের। বিশাল আকার তার। ঢুকলাম  জুতো খুলে। সামনেই এক ইয়া লম্বা এক ত্রিশুল। পেছনে গোপীনাথজীর মন্দির। পুরো মন্দিরটাই এক দারুন ভাস্কর্যে মোরা। প্রথমে ঢুকেই দর্শন সেরে নিয়ে টীকা লাগিয়ে bonafied দর্শক হয়ে নিলাম।  তারপর দেখতে বেরোলাম মন্দির। একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক  খাচ্ছিল- গোপীনাথজি তো বিষ্ণুর নাম।। তাহলে শিবমন্দিরের নাম গোপীনাথজি কেন। এটা কথাও লেখা ছিল না। ভাবলাম একবার পুজারীজিকেই জিজ্ঞেস করতে হবে।

দ্বাদশ শতাব্দীতে তৈরি এই মন্দির নিয়ে অনেকরকম মতবাদ আছে। কথিত আছে, ভগবান শিব  তার তপস্যা ভঙ্গের অপরাধে কামদেবকে ভস্মে পরিনত করেছিলেন এখানে। কামদেব বরাবরই একটু পেছন পাকা গোছের। যেখানে সেখানে কাঠি করে বেড়াত। তাই ভেবে নিলাম, সারবত্তা থাকলেও থাকতে পারে এই মতবাদটার। পাশের পাথরের ফলকে লেখা থেকে যতটা উদ্ধার করা গেল, তাতে বোঝা গেল। নবম থেকে দ্বাদশ শতাব্দীর মদ্ধ্যে কোন এক সময়ে এই মন্দির তৈরি করেন কত্যুরি রাজারা।মন্দিরের অন্তস্থল প্রায় ৩০ বর্গ ফুট জায়গা নিয়ে অবস্থিত। পুরো মন্দিরটার ২৪টা দরজা আছে। বাইরে যে ত্রিশূলটা রয়েছে সেটা  প্রায় ৫ মিটার লম্বা। এই মন্দিরটি যে রুদ্রনাথজির শীতকালীন বাসস্থান সেটা তো আগেই বলেছি। মনের খচখচানিটা  দূর করতে, পুজারীজিকে জিজ্ঞেস করাতে জানতে পারলাম, ভগবান শিব নাকি গোপীনাথের রূপ ধারণ করেছিলেন। কবে এবং কখন সেটা পরিষ্কার বলতে পারলেন না। পুরো উত্তরতা পেলাম না, ফিরে গিয়ে একটু পড়াশোনা করতে হবে।

আরো একটু দেখার ইচ্ছে ছিল, কিন্তু আবার ঝিড়ি ঝিড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। এর মধ্যে দেখলাম গোরা আর অনুপম খুব ভক্তিভরে পুজো দিল, অনুপম আবার ডবল তিলক লাগাল। কেন কে জানে! বোধ হয়, তীরে এসে তরী যাতে না ডোবে, মানে কল্পনাথ হয়ে গেলেই তো ওর  পঞ্চ কেদার সম্পূর্ণ  হয়, সেটার জন্য পুজো টুজো দিয়ে সেট করে রাখল। বিজয়ী ওকে হতেই হবে। লক্ষ্য করলাম, ও আবার একটু কম কথা বলছে। ও কম কথা বললেই ভয় লাগে, এই বুঝি কেউ কিছু বলে ফেললাম বা করে ফেললাম। ওকে আর ঘাটালাম না। কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না ওর দিলে কোথায় আঘাত করেছি।  ওদিকে পদ্ম যথারীতি ঘুরে ঘুরে ছবি তুলে যাছে। ওর পুন্য হোক না হোক, ছবি ওকে তুলতেই হবে, তাও আবার বিগ্রহের। অনেক জায়গাতেই সঙ্গত কারনেই বিগ্রহের ছবি তোলা নিষেধ, সেটা আর ওকে বোঝাবে কে? ও ভগবানকে বুকে এঁটে ঘুরবেই। অগত্যা একটু ক্যামেরাবাজি করে আবার গাড়িতে চড়ে বসলাম। আবার গাড়ি ছুটল কল্পেশ্বরের দিকে।

কল্পনাথে  আমরা রুদ্রনাথ থেকে ট্রেক করেও আসতে পারতাম। ডুমক হয়ে প্রায় ৩০ কিমি রাস্তা, উরগ্রাম, দেবগ্রাম ছুঁয়ে আসতে হত। আমরা করলাম না তার প্রথম কারণ হল লাগেজ রেখে এসেছিলাম সাগরে। আর দ্বিতীয় কারণ হল, সময় কম; পঞ্চ কেদার যখন পুরো হল না, তখন বদ্রীনাথ দর্শন করবই, সেখান থেকে বসুধারা ফলস ও যাওয়ার কথা- ট্রেক করলে তিনদিনের আগে বদ্রীনাথ পৌঁছতে পারব না। তাহলে পরে আবার সময়ের চাপে পরে যেতে হতে পারে। এসব ভেবে গাড়িতে যাওয়াই ঠিক করলাম। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি পৌছলে ভাল হত, কিন্তু মাঝে গোপীনাথজির মন্দির হয়ে আসাতে  প্রায় ঘন্টা তিনেক লেগে গেল পৌঁছতে।  

১০টা নাগাদ পৌঁছলাম উরগ্রামে। প্রায় ৭০০০ ফুট উঁচুতে এই পুঁচকে গ্রামটা। পৌছুতেই  একেবারে  চোখ জুড়িয়ে গেল।

চারদিকে সবুজ। অলকানন্দা বয়ে যাচ্ছে সামনে দিয়ে। সবুজের পেছনেই পাহাড়  আর চুঁড়ো – বরফে মোড়া। যতই দেখি ক্লান্তি আর আসে না।  সামনে লম্বা একটা কাঠের সেতু- অলকানন্দার ওপর দিয়ে।
প্রথম ঝলকে যা দেখলাম, একেবারে ইতিহাসের পাতা থেকে উঠে আসা একটা সেট। অলকানন্দা যেন একটা পরিখা। ওই সেতু টা যেন গুটিয়ে তুলে নেওয়া যায়। আর সেতু পেরিয়ে ঢুকতে হয়  মহারাজ কল্পেশ্বরের রাজ্যে– সিংদরজা পেরিয়ে। সেই দুর্গে ঢোকার মত উঁচু উঁচু সিঁড়ি।  ওটাই মন্দিরে ঢোকার পথ। এই একটা মন্দির সারা বছর খোলা থাকে। এখানে  পুরাণানুসারে শিব ভগবানের জটা পড়েছিল। পুরাণমতে এখানেই পাণ্ডবেরা শিবেরা পূর্ণাঙ্গ রুপ দর্শন সম্পূর্ণ করে সাতোপান্থ তাল হয়ে মহাপ্রস্থানের পথে রওনা হয়ে যান ।

সেতু টা পার হয়েই অনেকটা  উঁচু সিঁড়ি। সিঁড়ি দিয়ে উঠে আসল মন্দির। অনুপম অলরেডি গাড়ি থেকে নেমে হাত পা একটু খেলিয়ে নিয়েছে। চোখ একেবারে চকচক করছে। মুখে রাম প্রসাদী মার্কা বিগলিত হাসি। ভক্তিরস একেবারে চুঁইয়ে চুঁইয়ে পরছে চোখ বেয়ে। ওর আর তর সইছে না। আমরা ছবি তুলতে তুলতে পৌঁছলাম মন্দিরে। গিয়ে দেখি মন্দিরের পুরোহিত অলরেডি আরেক ভদ্রলোক কে পূজো করাচ্ছেন।  চেহারা কি। ঋজু কাঠামো। ছ ফুট লম্বা। একেবারে যেন জ্বলছে।   কি স্পষ্ট মন্ত্রোচ্চারন। তন্ময় হয়ে পূজো করছেন। সারা দিনে এই এক ই পূজো কত শত বার করান কিন্তু কোন ক্লান্তি নেই।একই রকম একাত্মতা।  দেখলেই বেশ ভক্তি হয়। আমাদের আগে অনেকক্ষণ  সময় নিয়ে পুজো করলেন। তারপর এলো আমাদের পালা। আমরাও অনেক সময় নিয়ে পুজো করলাম, টীকা নিলাম, তারপর বাইরে বেরিয়েই পদ্ম “ওই যে পঞ্চ কেদার বিজয়ী, পঞ্চ কেদার বিজয়ী” বলে চিৎকার করতে শুরু করল। আর অনুপম তখন কোথায়;  মোবাইল কানে নিয়ে কোথায় কোথায় ফোন করে করে ওর বিজয়কাহিনী ব্যক্ত করতে শুরু করেছে। “ হ্যা হ্যাঁ , পঞ্চ কেদার কমপ্লিট, গোরাদাও আছে, আরে প্রসাদ নিয়েছি, “ একদম জ্যোতি ফুটে বেরচ্ছে ওর মাথার পেছন থেকে।পারলে তখনই একটা প্রেস কনফারেন্স ডাকে। মাঝে মাঝেই মুখ দিয়ে ঘোঁত ঘোঁত আওয়াজ করছে আর পদ্ম আর আমার দিকে কৃপা করার দৃষ্টিতে  তাকাচ্ছে। পঞ্চ কেদারে পতাকা গেঁড়ে ওর একেবারে অন্য মূর্তি। আর পদ্ম যথারীতি ‘খুব টাফ ট্রেক করলি রে- পঞ্চ কেদার মেরে দিলি, আমি না থাকলে কোথায় হত, তোর কোন কৃতিত্ব নেই’ এসব বলে টলে খিল্লি করতে শুরু করে দিয়েছে।

 পুরোহিতের সঙ্গে ছবি তুলতে চাইতেই এক কথায়  রাজী হয়ে গেলেন। বেশ মিশুকে। বেশ গল্প হল।
তারপর আস্তে আস্তে চলতে শুরু করলাম গাড়ির দিকে।  যেতে যেতে ভাবছিলাম, চার কেদার হল আমার আর পদ্মচে।আমাদের আরো একটা কেদার বাকি। করতে হবে খুব তাড়াতাড়ি। কথা দেওয়া আছে।

বেড়িয়েই মনটা কেমন উদাস হয়ে গেল-এই যে অনুপমের একটা তৃপ্তিলাভ, একটা লক্ষ্য জয় করা। এরই নাম বোধ হয় জীবন। সবাই তো একটা লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে। লক্ষ্য পূর্ণ হওয়ার পর আসে ক্ষণিকের  তৃপ্তি।  আবার  নতুন লক্ষ্য। জীবন তো স্থবির নয়, জীবন জঙ্গম। সারাটা পথ জুড়ে   লক্ষ্যের পর লক্ষ্য অতিক্রম করে যাওয়া। থামার নাম-ই মৃত্যু।কালের নিয়মে, যতদিন আত্মিক জোর আছে, লক্ষ্য ঠিক তৈরি হয়ে যায়।  এই তৃপ্তিই হল চলার  রসদ। এগিয়ে চলার। কি জানি, আবার হয়তো অনুপমের লক্ষ্য পর পর তৈরি আছে।  গোরা, চাহিদা কত কম, আমাদের সবার মধ্যে আপাতদৃষ্টিতে ওই হয়তো সবচেয়ে সুখী। বাইরে থেকে আর কতটুকু বোঝা যায়। ওর ও লক্ষ্য তৈরি আছে নিশ্চয়ই- কাউকে ভাল রাখার- চলতে হবে ওকেও। পদ্ম তো পায়ের তলায় সর্ষে নিয়ে আছে। অত ভাল একটা চাকরী করে, দেখলে বোঝার কোন উপায় নেই। চাহিদা ওর ও কত কম।  জানার নেশা, চেনার নেশা টাই ওকে তাড়িয়ে বেড়ায়। দেখেছি ওকে ভাল করে- যখন ই নতুন কোন চিত্রপটের সামনা সামনি হয়, তখন ই এক শিশু ভর করে ওর চোখে মুখে। এক স্বর্গীয় নিস্পাপ অনুভূতি ফুটে ওঠে ওর সারা শরীরে। এটাই তো আসল মানুষ।    লক্ষ্য তো আমারও নির্দিষ্ট। এখনো ১৫ বছর দৌড়বো নিজের মত করে। মেয়েটাকে শক্ত পোক্ত করতে হবে। ভবিষ্যৎ জীবনের খোরাক জোটাতে হবে। এখন আর অত চাপ তো নেই। মনের আনন্দে দৌড়বো। জল হাওয়া বাতাস শুষে নেব একেবারে।কত কিছু করার বাকী এখনো। থামা নেই। শুধুই চলা। ক্লান্তিবিহীন ভাবে।

প্রায় দৌড়োতে দৌড়োতেই গাড়ির কাছে এলাম। প্রমোদ তাড়া দিচ্ছে। লম্বা রাস্তা। অনুপম তখনও কানে ফোন গুজে বাইট দিতে ব্যস্ত। আমরা ওকে একটু এড়িয়েই চলছি, না হলে ওর স্বঘোষিত বিজয়গাথায় আমাদের কান ঝালাপালা হয়ে যেত। অবশ্য ও যেরকম উত্তেজিত, তাতে ও একটা আত্মজীবনী বের না করে ছাড়বে না। যখন আমরা গাড়ির কাছাকাছি পৌঁছেছি, তখন দেখলাম সেই রুদ্রনাথের সাউথ ইন্ডিয়ান টীম টা এসে পৌঁছল। বাজে প্রায় ১১.৩০। গতকাল ভোর পাঁচটায় বেড়িয়েছিল। যদিও মহিলা ছিল সঙ্গে। তবুও প্রায় ৩২ ঘনটা। অনেকটাই।। তাও মাত্র গুটি কয় লোক এসে পৌঁছেছে। এবং ধুঁকতে ধুঁকতে। বোঝাই যাচ্ছে ঘেঁটে একদম ঘন্ট হয়ে গেছে। বাকীদের আসতে এখনো বাকী। মোটামুটি সবাই তো একই রকম দেখতে, তবুও তার মধ্যে থেকে একজনকে একটু চেনা চেনা মনে হতে, হাল্কা ঘাড়টা হেলিয়ে, অল্প দাঁত কেলিয়ে বেরিয়ে এলাম।  গাড়িতে উঠে শেষবারের মত পেছন ফিরে দেখে নিলাম এই অপূর্ব সুন্দর নিসর্গ। বদ্রীনাথজির ডাক এসে গেছে এবার। আর হ্যাজানোর সময় নেই।  





পুজারীজির সাথে কল্পনাথে

কল্পনাথ যাওয়ার পথে

নীচে অলকানন্দা-কল্পনাথ

গোপীনাথজির মন্দির

গোপীনাথজির মন্দির, চামোলি

সেই বোম্বাইয়া ত্রিশুল

অনুপম ধর্মরাজ ও কুত্তা -সাথে দুই চেলা- ব্রেকফাস্ট টেবিলে

কল্পনাথ যাওয়ার পথে

পঞ্চ কেদারের ম্যাপ

কল্পনাথের পরিখা

গোপীনাথজির মন্দির
গোপীনাথজির মন্দির
গোপীনাথজির মন্দিরে প্রবেশপরিখা-পদ্মর চোখে

কল্পনাথের পারকিং লট
গোপীনাথজির মন্দির -ওপরের ওই কালো পাথরটিকেই জটা হিসেবে মানা হয়

Comments

  1. ভীষন সুন্দর চলছিল হঠাৎ করেই শেষ হয়ে গেল। মনে হচ্ছিল চলতেই থাকুক। খুব ভালো হচ্ছে।

    ReplyDelete
  2. Khub valo lekha. .. Tumi obosyo valoi lekho ....
    Sokaler jolkhabar er byaparta ullekh korlena keno ?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

চার কেদার এক বদ্রী- তুঙ্গনাথ পর্ব

চার কেদার এক বদ্রী -পর্ব -২- মদ্‌মহেশ্বর অভিযান