চার কেদার এক বদরী- পর্ব-৪- রুদ্রনাথ


কথায় আছে রুদ্রনাথকি চড়াই, অউর  জার্মানকি লড়াই  এক হি  বাত! রুদ্রনাথ সব থেকে কঠিন পাঁচ কেদারের মধ্যে। ততক্ষণে বৃষ্টি ফ্রিস্টি থেমে গেছে,  চড়া  রোদও  উঠে গেছে, হাঁটতে বেশ কষ্টই হচ্ছিল। আসার সময় গোবিন্দ লজের মালিক বলে দিয়েছিল , প্রতি দু কিমি পরপর খাবার জায়গা পাওয়া যাবে। রেস্ট করতে চাইলে, তাও করা যেতে পারে; চলতে তো শুরু করলান। প্রথম থেকেই চড়াই। প্রায় ২০০ চওড়া চওড়া সিঁড়ি( ধাপ?)  ভেঙ্গে , পুরো গ্রাম টাকে পেরিয়ে তবে মেন রাস্তায় ওঠা গেলো।  গ্রাম্য পাহাড়ি  পথ। ছায়ায় মোড়া। প্রায় ২ কিমি চলার পর বাঁদিকে একটা শেড এর মধ্যে দোকান পেলাম। মানে ওই যাত্রী প্রতীক্ষালয় টাইপের আর কি। বেশ ফুর্তি হল দেখে। দোকানে বেশ থরে থরে রডোডেনড্রনের জুসের বোতল সাজানো। পাতি লেবুও আছে। আহা পরানডা এক্কেরে আন চান আনচান কইরা উঠল।  সটাসট  দু গ্লাস করে জুস মেরে দিলাম প্রত্যেকে। তারপর লেবু নুন আর একটু চিনি দিয়ে শরবৎ বানিয়ে ব্যাগেও ভরে নিলাম। মানে যোগাড় তো একেবারে পুরো তৈরি।  ওখানে আবার দেখলাম দারুন দেখতে কিছু শাক রাখা আছে-অনেকটা  লতানো লতানো কুঁচকনো শুঁড় বের কড়া মাথার দিকে। দারুন সবুজ আর ফ্রেশ। জিজ্ঞেস করাতে বলল ওটার নাম নাকি নিমুরা- পাহাড়ি ভিন্ডি। মাথায় রয়ে গেল নিমুরা টা। অনুপমরা আবার নামটা শুনল লিঙ্গুরা- কেমন অ্যাডাল্ট অ্যাডাল্ট শোনাল দেখে নামটা কে  স্বেচ্ছায় বর্জন করলুম।  বেশ আধ ঘণ্টাটাক কাটিয়ে আবার চলতে শুরু করলাম। বেশ দেখতে দেখতে যাচ্ছি চারদিক। বাঁদিকে  খাদ, জঙ্গল তারপর পুরো পাহাড় ই পাহাড় আর বরফি চুড়ো, ছায়ার মধ্যে দিয়ে হাঁটছি, মোটামুটি সমতল এখানটায়- খুব কষ্ট হচ্ছে না। সরু পাকদণ্ডির মত রাস্তা- মানে এক কথায়, পুরো সিনেমার পরদা থেকে উঠে এসেছে। বইতে পরেছি এসব। ডানদিককটাও পাহাড় তবে জঙ্গলে ভরা। মানে ফুল জমে গেছে। বেশ মিষ্টি মিষ্টি ভাবনা আসছে, আর ভাবতে ভাবতে এগোচ্ছি। অনুপম একটু এগিয়ে। প্ল্যান ছিল পানার এ রাত কাটাবো। শুনে গোবিন্দ লজের মালিক বলেছিল ‘ টাফ হোগা। এক বাজে স্টার্ট করকে আপলোগ নেহি পৌঁছ পাইয়েগা।“ আমরা একটু হেসেছিলুম, “ ব্যাটা আমাদের ক্যারদানি তো আর জানে না, কতো পাহাড় পর্বত জয় করে ফেল্লূম।“ অনুপম তো বিচ্ছিরী মার্কা একটা হাসি দিল। ও বলে মণ্ডল দিয়ে ওঠার প্ল্যান করেছিলো। যেখানে ওপর দিকে তাকালে মাথা থেকে টুপি পরে যায় । না হয়, আমাদের মতো তিনটে ক্যাঁকরা বাঙালীর   চক্রান্তে ওর এই দুর্গম পথে  রুদ্রনাথ জয় টা হল না, মানে ইতিহাসের পাতায় নাম তোলা হল না,  না হলে তো,হুঁঃ !!  পানার? ও বলে চিন্তা করছে রুদ্রনাথ পৌছনোর। মালিক বাবু ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে আর বিশেষ কিছু না বলে খালি বলল ,দেখিয়ে, অগর যা সকতে হ্যাঁয় তো যাইয়ে,  হামরা বাচ্চে লোগ তো শুভে যাকে সামকো আ যাতে হ্যাঁয়।
আর ওই জন্যই খচে মচে আগে আগে যাচ্ছিল।

এসব ভাবছি আর চলছি, তখন ও আইডিয়া ছিল না চড়াইএর বা দূরত্বের।
আরও দু আড়াই কিমি চলার পর  হঠাৎ অনুপমের চিৎকার ভেসে এলো আগে থেকে,  ‘ওরে দেখে যা, স্বর্গ কাকে বলে।‘মনে মনে ভাবলাম কত স্বর্গ ফেলে এলাম আর কতো স্বর্গ দেখব সামনে, এ আর নূতন কি দেখব?  আমরা অনেকটাই পেছনে।  রাস্তাটা চলতে চলতে ডানদিকে বেঁকে গেছে একটু। ঝোপ ঝাড় আর পাহাড়ের আড়ালে সামনে কি আছে দেখা যাচ্ছে না। তো আন্দাজ ও করা যাচ্ছে না । আর তাই বাঁকটা ঘুরতেই আকস্মিক সৌন্দর্য টা সাংঘাতিক ধাক্কা দিল- এক খোলা বুগিয়ালে এসে পড়লাম। প্রায় হাফ কিমি বিস্তৃত সবুজ, বাঁ পাশে একটা টেন্ট, এক পরিবারের বাস সেখানে। ডান দিকে আরেকটা টেন্ট। যেটকে ভাড়া দেওয়া হয়। কয়েকটা কুকুর ঘুরছে ময়দানে। গলায় এই চওড়া মেটালের কলার লাগানো।  ওপরে খোলা আকাশ। যেমন রং তেমনি পরিবেশ; এক অপূর্ব ক্যানভাস।  তেমনি শান্ত মনোরম এক  নিস্তব্ধতা।  আর সামনে বুগিয়ালের পর খাড়া পাহাড়। পুন বুগিয়াল।
  
প্রথম দেখাতেই প্রথম চিন্তা যেটা মাথায় এলো এখানে লোকে হানিমুন করতে আসে না কেন। এতো একেবারে  মন খোলার জায়গা। একটা পারফেক্ট হানিমুন স্পট। দুটো নতুন মানুষ নতুন জীবন শুরু করতে যাচ্ছে, একে অন্যকে চিনবার সবথেকে ভাল জায়গা এর থেকে ভাল আর কি হতে পারে!  চড়াই উতরাই এর মধ্যে সহিষ্ণুতার পরীক্ষা দিতে দিতে ওঠা, এমনিতেই ওপরের মেকী পরত টা খুলে আসল মানুষটা বেরিয়ে আসবে। শুরু হবে আস্তে আস্তে আসল মানুষটাকে ভাল লাগার পালা। দুজনের সঙ্গসুখে ক্লান্তির বিনোদন খুঁজে নেওয়া;  গন্ত্যব্যে পৌছনোর অদম্য আগ্রহে শুরু হবে একজন আরেকজন কে সাহস দেওয়া-কষ্ট ভাগ করে নেওয়া আর দুজন দুজনের পরিপূরক হয়ে ওঠার পরিবেশ। হানিমুন মানেই তো তাই।  খোলা মাঠে ওই একটা আধ খোলা টেন্ট এ উপচে পরা চাঁদের আলোয় পিঠে পিঠ ঠেকিয়ে বসে থাকার মধ্যে আপনা আপনি ই তো ভাষাহীন হয়ে গিয়ে অনুভূতি গুলো আরও প্রখর হয়ে ওঠে।  silence is the most powerful word sometimes; পাঁচতারা হোটেল এর শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বা swimming pool এর সাজানো আবহে সেই সুযোগ কোথায়!   সুন্দর, সাজানো সবকিছু দিয়ে জীবন শুরু করলে পরে বাস্তবের ধাক্কা সামলানোটা অনেক কঠিন হয়ে যায়। বাস্তবটা তো আর গোলাপের বাগান নয়। কল্পনা আর বাস্তবের সংঘর্ষেই তো সম্পর্ক নষ্ট হয়। এখানে তো সেটা হবার জো নেই। ওই ছোট্ট টেন্ট টা আর  ওই চাষি পরিবার যেন পুরো জীবনের একখণ্ড প্রতিচ্ছবি। মনে মনে হানিমুনটা করেই নিলাম।

এই রে, বিজ্ঞ পণ্ডিতের মত প্রচুর আঁতেল মার্কা চিন্তা করে ফেললাম। অনুপমরা শুনলে তো ব্যাপক প্যাঁক দেবে।কিন্তু কি করব- জায়গাটাই এমন- একদম ভিতর থেকে অন্তরাত্মাকে টেনে বের করে দ্যায়। সঙ্গে সঙ্গে এটাও ভাবছি, শুরুতেই যদি এই পাই, তাহলে বাকি রাস্তায় আরও কত কি মনি মুক্তো ছড়ান আছে- এ তো পৌছতেই পরব না এরকম হলে।। কোথায় লাট খেয়ে পরে থাকব আর উঠতেই ইচ্ছে করবে না। 

অন্যদিকে দেখি, অনুপম    টেন্টের মালিক কে ধরে জিজ্ঞেস করতে শুরু করেছে- পানার কোথায়, রুদ্রনাথ কোথায়।  অনুপমের অনুপমত্ত্ব  আর যাবে কোথায়, আর লোকটাও তেমনি- একটা মুরগি পেয়ে অনুপম কে বোঝাতে শুরু করেছে, “ উও, উহাঁ দেখিয়ে- উপর দেখিয়ে- এক পিলা পতাকা দিখাই দে রহাঁ হ্যাঁয়? ওহি হ্যাঁয় পানার।  ব্যাস, উসকা থোড়া আগে, নীচে ঢালমে হ্যাঁয় রুদ্রনাথজি”  অনুপম ও পেছন দিকে বেঁকে  হাত কপালে নিয়ে প্রাণপণে দেখার চেষ্টা করে যাচ্ছে। কিছুক্ষণ পর কেমন করে যেন দেখতেও পেলো। “ হাঁ হাঁ দেখা দেখা; আচ্ছা, ওহি হ্যাঁয় পানার! বহুত জাদা দূর নেহি হ্যাঁয়” অনুপম নির্ঘাত পাগল হয়ে গেছে।
 আমরাও ওর পেছন থেকে দেখার চেষ্টা করে যাচ্ছি, হলুদ পতাকা- পতাকা তো দুরস্থান, কিছু গাছপালা ছাড়া কিছুই নজরে আসে না। আর এদিকে ও রং সুদ্ধ পতাকা দেখে বসে আছে। পদ্ম বেশ কয়েকবার দেখার চেষ্টা করে তারপর বলে দিল- তুই পতাকা দেখলেই হবে, নাহলে তোর জন্য আবার ঘর দেখতে হবে। “  কিন্তু এটুকু বুঝতে পারলাম,এবার চড়াই শুরু আর  সামনে দুটো পাহাড় টপকাতে হবে।  যা বোঝা যাচ্ছে, পাহাড়টা বাম্পার খাড়াই। টপকাতে হলে নীল সুতো লাল সুতো বেরিয়ে যাবেই। দূরত্বও অনেকটাই। পানার যদিও বা পৌছই , পৌঁছতে পৌঁছতে রাত হবেই।  

আমাদের সামনেও time pressure ছাড়া বিশেষ চাপ নেই। হাতেও দুটো দিন এক্সট্রা আছে- গোরা অনুপম হরিদ্বার গিয়ে নিজেদের পিণ্ডি চটকাবে বলে- মাঝে মাঝেই উঠে আসছে ‘ আহা, দাদাবউদির হোটেলের ঘি ভাত..” 
উঠতে শুরু করলাম পাহাড়ে। ধীরে ধীরে এগোচ্ছি। এবার পুরোটাই চড়াই। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। দারুন সবুজ,  ছায়ায় ঘেরা আর রাস্তাটা পুরো শুকনো পাতার কার্পেটে মোড়া। প্রকৃতি যেন ঢেলে দিয়েছে। মাঝে মাঝেই মরা নদী বা খালের মত বয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে। আর তার ফাঁক দিয়ে দূরে বরফে মোড়া চুড়ো। আহা ভগবান জায়গাও খুঁজে বের করেছিলেন অধিষ্ঠান করবেন বলে। আধা স্বর্গবাস তো এখানেই হয়ে যায়। বাকি টা নাহয় মরার পর হোক।

ছবি তলার জন্য দাঁড়াচ্ছি মাঝে মাঝে। আর অমনি অনুপমের ধারাবিবরণী- “ পদ্ম, শেখ ছবি তোলাটা। এই যে  তুললি ছবিটা, এটা একটা ছবি হোল? গল্পটা কোথায়? “ আর পদ্মও তেমনি, ছবি আমার, গল্প আমার, তোর কাছ থেকে আমায় শিখতে হবে? তোকে তো মদ খাওয়া পর্যন্ত আমি শিখিয়ে ছিলাম। ভয়ের চোটে তো ছুঁয়েও দেখিস নি- তারপর আমায় পুরোটা খেতে হোল; তোর কাছ থেকে শিখব ফটো তোলা।“ আমরা চেপে ধরলাম পদ্মকে, গল্পটা কি? পদ্ম কিছু বলার আগেই অনুপম হই হই করে ওকে থামিয়ে দিয়ে বলতে শুরু করলো- বাজে কথা বলিস না, আমি খেলে তোকে সামলাতে পারত কেউ? মনে নেই, নেশার ঘরে কি করেছিলি তুই?”
“ কি করেছিলাম”?
বলব?
 খোরাকির গন্ধ পেয়েছি, আর ছাড়ি?.. কি হয়েছিল অনুপম শিগগির বল। তোমার এরকম খেলো হওয়াটা একদম দেখতে পারছি না।
ব্যাস, অনুপম ও বার খেয়ে-
আরে আর বোল না, মদ খেয়ে পদ্মর তো আর হুঁশ নেই। খানিকক্ষণ পরে দেখি কি যেন বলছে আর গোঙাচ্ছে ! আমরা তো ভাবছি কি হোল রে বাবা, হসপিটাল কেস নাকি। তারপর কি বলছে সেটা শুনতে কানের কাছে মুখ নিয়ে যেতেই শুনতে পেলাম, ওর মুখ থেকে  ‘মনিদীপা”  বেরোচ্ছে।‘
আমি ভাবলাম, মনিদীপা বোধ হয় ওর বউ এর নাম – মানে তখন girlfriend, - তো বললাম,  ‘এতে আশ্চর্যের কি আছে, পদ্ম ওর girlfriend  কে ডাকছিল – তো খুব ই স্বাভাবিক।“
অনুপম চোখ পাকিয়ে তাকাল “ কি? মনিদীপা আমার গার্লফ্রেন্ড ছিল”  
আমি কেমন ভ্যাবাচ্যাকা খেয়ে পদ্মর দিকে তাকালাম- এই কেসটা একদম নতুন আমার কাছে। পদ্মর আরও কত feature  আছে রে বাবা !  - হাই অলটি তে মৃগী, মদ খেয়ে দুর্যোধন কেস- আমি আর গোরা তো হাঁ হাঁ করে হাসছি -আর  পদ্ম বলছে ‘ তুই আর বলিস না_ তোর গার্লফ্রেন্ড?” তুই কোনদিন কথা বলেছিলি ওর সাথে? জানো তো গোরা দা, ও কোনদিন কথাই বলে নি ওর সাথে, আর ওর গার্লফ্রেন্ড হয়ে গেলো”
বুঝলাম ফুল ঘাটা কেস। খোঁচালে আরও কিছু মনি মাণিক্য বেরোত হয়তো - কিন্তু বাঁচিয়ে রাখলাম ভবিষ্যতের জন্য। 

আমরা হাঁটছিলাম পুরো বাঙালির স্টাইলে। যেখানেই দাঁড়াচ্ছিলাম, সেখানেই আঠা, গেঁজিয়ে আবার উঠছি। গতি খুব বেশি নয়। এর মধ্যে একটা বাচ্চা ছেলেদের গ্রুপের সাথে দেখা। ওরা নামছিল। আমাদের দেখে জিজ্ঞেস করল আমাদের প্ল্যান টা- টা ওই এক ই কথা- পানারে রাত কাটাবো। তো শুনে চোখ কপালে তুলে বলল “ আপলোগ জানতে হ্যাঁয় পানার কিতনা দূর? আভি  ৪ বাজ গয়ে, আপ লোগো কো তো মউলীখরক পউছনেমেই ৭ বাজ যায়গা; পানার উসসে ভি দো ঘণ্টা আগে। অগর জানা হ্যাঁয় তো চলতে বনিয়ে।“ টনক নড়ল আমাদের। ভয় টা দূরত্বের নয়- ভয়টা অন্ধকারের। পাহাড়ি অচেনা জায়গা- জীবজন্তু কি আছে কিছুই জানি না।  আমরা বহু জায়গায় বন্য প্রাণী সংরক্ষণ করি কিন্তু এখানে বন্য প্রাণীদের মানুষ সংরক্ষণের কিরকম প্ল্যান আছে, বোঝা গেল না; অতএব দৌড় শুরু। এবার পদ্ম আর গোরা এগিয়ে গেলো। দারুন হাঁটছিল ওরা। আমি আর অনুপম একটু পেছনে। পাহাড়ে এই জিনিস টা সবসময় ফলো করা উচিত। একা হাঁটা টা যতটা সম্ভব এড়িয়ে চলা। বিশেষ করে অজানা অচেনা জায়গায়।  যে কোনরকম বিপদ যে কোন দিক থেকে আসতে পারে, - তখন সাহায্যর দরকার সাঙ্ঘাতিক হয়ে যায়। 

একটু পড়েই আমার কেমন যেন অস্বস্তি হতে শুরু করলো। শরীরে ঘাম দিচ্ছে। পা  ধরে আসছে। এগোচ্ছি বটে, কিন্তু টানতে হচ্ছে শরীর টা। অনুপম কে বললাম অস্বস্তির কথাটা- তা ও বলল হাল্কা রেস্ট নিতে- কিন্তু আমি থামলাম না, এগিয়ে চললাম। কিছুক্ষণ পর ,ব্যাস, ভয়ংকর nature’s call- কি করি কি করি,  রামকৃষ্ণ দেবের বাণী –‘ওরে পৃথিবীতে এসেছিস, ছাপ রেখে যা,” মাথায় রেখে আমিও ছাপ রাখার জায়গা খুঁজছি আর এগোচ্ছি, অবশেষে পেলাম, অনুপম দেখলাম একটু দূরে দাঁড়িয়ে গান ধরেছে- মন রে…  সেই গান শুনতে শুনতে  …… আঃ শান্তি।

আবার চলতে শুরু করলাম।। এবার পেল খিধে। মারাত্মক খিধে। কিছু একটা অসুবিধা তো হয়েইছিলও, না হলে আমার এরকম একটা অবস্থা সাধারণত হয় না। আসিসদার অভাব বেশ বোধ করছিলাম। আসিসদা মানেই একটা ধন্বন্তরি মার্কা ওষুধ – আর এক গুলিতেই চাঙ্গা। পুরো ট্রিপটাতেই আসিসদার অভাব বেশ বোধ করেছি আমি আর পদ্ম। ভদ্রলোক শিবভক্ত। বরপুত্রও বলা যেতে পারে ভোলেবাবার- এমন দু একটা ঘটনা উনি শুনিয়েছিলেন-যা ওনার সাথে ঘটেছে, শুনলে মাকুন্দর ও চুল খাড়া হয়ে যাবে।  ওনার সঙ্গ হওয়ার পর ই আমার এইসমস্ত দুর্গম জায়গায়  শিব দর্শনের  সৌভাগ্য হচ্ছে আমার আর পদ্মর। মানে বাবা দেখলেন ওনার ছেলের বন্ধুরা আদারে বাদারে ঘুরে বেড়াচ্ছে – তা দিলেন একটু আধটু কৃপাদৃষ্টি।  আসিসদা গো, বড় মিস করতিসি আপনেরে।

এগোতে এগোতে হঠাৎ এক জায়গায় অনুপম দেখাল- ওই দ্যাখো ভাঁড়াল। আমিও দেখলাম,  আমাদের রাস্তাটার পাশেই খাদ তারপর আরেকটা পাহাড়। তার ঢালে ,ভাঁড়ালটা একবার মুখ বের করছে আর আবার পেছনে চলে যাচ্ছে। আর অদ্ভুত শব্দে ডাকছে। আমিও ওর গলা নকল করে দু একবার আওয়াজ করতেই দেখলাম,বেয়াদপি টা কে করছে দেখবার জন্য লাফ মেরে ভাঁড়ালবাবু হাজির। সে কি রাজকীয় চাল ব্যাটা ছাগলের। ঘাড় কাঁত করে খুঁজছে, আর খুঁজে না পেয়ে আবার আড়ালে চলে যাচ্ছে; আবার ডাকছি, আবার বেরোচ্ছে; বেশ কয়েকবার এরকম করার পর ওর ছাগল সত্ত্বা রণে ভঙ্গ দিল। আর দেখা গেল না। আমরাও আবার এগোতে শুরু করলাম।  সন্ধ্যেও প্রায় হয়ে এসেছে, আর আমি ও আর খিধে চাপতে পারছি না। মানে পুরো গা ঘুলিয়ে খিধে পাওয়া যাকে বলে।।

সন্ধ্যের ঠিক আগে আগে, পৌঁছলাম মৌলিখরক- ঠাণ্ডা পড়ছে, সন্ধ্যেও নামতে শুরু করেছে।  শুকনো  পাতার গদির ওপর মাথায় রাজ্যের গাছের ছাতা নিয়ে দুর্দান্ত একটা টেন্ট। সামনে সুন্দর একটা শুকনো পাতার গদি বিছানো balcony মত। এদিক ওদিক দু চারটে উঁচু পাথর – চেয়ারের মত পাতা। এক কথায় দারুন ভাল লেগে গেল। ঢুকতেই সত্যেন্দরের সঙ্গে দেখা- ওই টেন্টের মালিক। আমার প্রথম কথা খানা কেয়া মিলেগা?
খিচড়ি, ভাজি, রোটি, ডাল, কেয়া খায়েঙ্গে আপ লোগ?
জলদি কেয়া মিলেগা?
হঠাৎ অনুপম – নিমুরা মিলেগা?
হাঁ মিলেগা সার।
তো ওহি বনাও।
নিমুরা খায়েঙ্গে আপ লোগ? আভি লাতা হ্যাঁয় – বলে সত্যেনদর কোথায় অদৃশ্য হয়ে গেলো।
আমি জলদি যেটা  পাওয়া যাবে, সেটা খাবো, সেই  ধান্ধায় ছিলাম, কিন্তু অনুপম হাজার হলেও গান গেয়ে শুনিয়েছিল ইয়ের সময়- তাই আর কৃতজ্ঞতাবশতঃ আর প্রতিবাদ করলাম না। থম মেরে একটা চেয়ারে বসে পড়লাম।
 দশ মিনিটে সত্যেন্দর এসে হাজির- হাতে একগোছা টাটকা সবুজ শাক। গোরা বলতে গেলো- আচ্ছাসে ধোকে... ওর মুখের কথা ওর মুখেই রয়ে গেলো-
নেহি নেহি, ইয়ে সিধা কঢাই মে জায়েগা।
ওরও বোধ হয় খিধে পেয়েছিলো, আমি তো বেজায় খুশি ।

ওখানে আমরা আসার আগেই দেখলাম আট দশটা  গাড়োয়ালি ছেলে ক্যামেরার যন্ত্রপাতি নিয়ে খাওয়া দাওয়া করছিলো। আমরা ঢুকতেই দেখলাম ইয়া লম্বা ফরসা একটা গাড়োয়ালি তাড়াতাড়ি করে ৬ জন কে রওয়ানা করে দিল পানারের দিকে। ওরা সেই রাত পানারে কাটাবে। আর দু জন ওখানে রয়ে গেলো। কথা বলে জানা গেলো, ওরাও রুদ্রনাথ যাচ্ছে ডকু বানাতে। পাঁচ কেদারের ওপর। টীম আগে চলে গেলো, ওরা ধীরে সুস্থে পৌঁছবে।

আধঘণ্টা, ৪৫ মিনিটে খাবার রেডি- সোজা বসে পড়লাম- গরম গরম ইয়া মোটা মোটা আটার রুটি, আর নিমুরার সব্জি। কি দারুন খেতে নিমুরা। মারাত্মক খিদে পেয়েছিল, নাকি রান্নার গুণ না শাকটার ওরকম ই টেস্ট, জানি না কিন্তু অমৃত লাগল  খেতে।  আটটা রুটি খেয়েও মনে হচ্ছে খিধে রয়ে গেলো। সব্জি নেই, আর খেলাম  না। এই বছরে আমার নিজের খাওয়ার রেকর্ড নিজেই ভাঙলাম। তারপর নিজের পিঠ চাপড়ে  সোজা কম্বলের তলায়।

কিছুক্ষণের মধ্যে আরও দুই বাঙালি লোক টেন্টে এসে ঢুকল। ওরা নামল রুদ্রনাথ থেকে। শিলচরের বাঙালি। একজনের জুতোর দিকে তাকিয়ে পুরো আঁতকে উঠলাম আমরা। অর্ধেকটা  সোল খুলে আলগা হয়ে ঝুলছে  ওই ভাবে বরফের ওপর দিয়ে নাকি slide করে নেমে এসেছে পুরো অন্ধকারে। পাগলের live example. যে কোন সময় বড় কোন বিপদ ঘটতেই পারতও।  কি করে নামবে বাকি রাস্তা কে জানে! সত্যেন্দর বলল- ও ঠিক করে দেবে জুতো । উঠেছে যখন, নেমেও যাবে – যা পারে করুক।  আমি আর কথা বাড়ালাম না। পেটে রুটি পড়েছে, চোখ একেবারে টেনে আসছে, কোন স্বপ্ন ট্বপ্ন না দেখে সোজা ঘুম।


সক্কাল বেলা ঘুম থেকে উঠে সাড়ে সাতটায়  বেড়িয়ে পড়লাম।   আমাদের আগেই ওই গাড়োয়ালি বেরিয়ে গেছে।  দুই রোদ ওঠার আগেই পানার পৌছনোর প্ল্যান। দু একবার অলরেডি পদ্ম শুনিয়ে রেখেছে, অনুপম,এখনও হলুদ পতাকা দেখা গেল না।
অনুপম ও – এখানে কোথা থেকে দেখবি, ওটা তো ওই  পাহাড়ের আড়ালে আছে, বলে কাটিয়ে গেছে।
চড়াই সত্যি সাঙ্ঘাতিক। একদম খাড়া। গাছপালা এখানে তুলনামুলকভাবে অনেকটাই কম। রোদ টা বেশ লাগতে শুরু করেছে।

চলছি চলছি হঠাৎ অনুপম,  ওই যে সারপেনটাইন ঈগল বলে চেঁচিয়ে উঠল।  দেখলাম একটা চিলের মত কি যেন উড়ছে। আমার জীবনবিজ্ঞানী জ্ঞান আমায় বলে উঠল – খবরদার, ওদের কোথায় নেচো না। ঈগল টীগল কিছু না- একদম পাতি চিল। চোখ খোলা রেখো, না হলে মাথায় ঠোকর মারবে।
সত্যি, প্রতিদিন সকালে ছাদে যখন ব্যায়াম করতে উঠি,  এরকম একটা চিল মাথায় ঠোকর দিয়ে যায়। একদম মনে হয় ব্যাটা তক্কে তক্কে থাকে- কখন  উঠবো সেই আশায়। ওটাই ওর ব্যায়াম আর কি! এইটাও সেরকম একটা। পৃথিবীর সব চিলের স্বভাব একই রকম বিটকেল। অতএব, ফালতু বিগলিত না হয়ে আমিও আমার stick টা বাগিয়ে হাঁটতে লাগলাম। তোরা দেখ গিয়ে ঈগল পাখি।

মোটামুটি ঘণ্টা দুএক হেঁটেছি প্রায়।। হঠাৎ দেখা গেল হলুদ পতাকা। আর পায় কে অনুপম কে- ‘পদ্ম, তোর চোখ দেখা, বুড়ো  হয়ে গেছিস, এইটাই আমি দেখেছিলাম নিচে থেকে। আমি যদি হলুদ পতাকা না দেখে থাকি, তবে এটা এলো কি করে!  তুই resign কর দলপতির পদ থেকে , তুই চোখে দেখিস না, তুই দলপতি হওয়ার জন্য একেবারে আনফিট – এসব বলে ব্যাপক চেল্লামেল্লি জুড়ে দিল।

পদ্ম ও- তোকে মুরগি করেছে, সেটা তুই মানতে চাইছিস না; এটা তো আগে ছিলই, দুটো পাহাড় পেরিয়ে এটা কখনো ওখান থেকে দেখা যেতে পারে না;
কে শোনে কার কথা- আমার চোখকে অবিশ্বাস করবো? তুই দেখতে পাস নি, সে কোথা বল- অনুপম তো প্রায় ঘাড়ে চড়ে বসে পদ্মর।
কিন্তু পানার পৌঁছে গেছি। আরেকটু বাকি। ওই পতাকাটার পরেই বুগিয়াল। এখানে সময় নষ্ট করব না। এর পরের স্টপ পিত্রোধার। তারপর পঞ্চগঙ্গা,- পরপর দুটো বুগিয়াল স্টপ ;  তারপর উতরাই অ্যান্ড  রুদ্রনাথ। দর্শন করে আজ ই নেমে আসব হয় পিত্রোধার নয় পঞ্চগঙ্গা। যাতে কাল ই নেমে চলে যেতে পারি কল্পনাথ। অসাধারণ প্ল্যান।  তা  পৌঁছলাম হলুদ পতাকা। আর পুরো প্ল্যান চৌপট।

উঠে সামনের দিকে তাকাতেই প্রায় রুদ্ধশ্বাস অবস্থা। পুন বুগিয়াল আর কি দেখলাম। এ তো ভাষায় প্রকাশ করা যায় না। সবুজ ঘাসে মোড়া বুগিয়াল। একটা টেন্ট, সেখানে শেষে খাড়া খাদ, তারপর ই খাড়া  পাহাড়-  সবুজে মোড়া –যেখানে যেখানে সবুজ নেই, সেখানে সেখানে ধূসর; দারুন একটা কনট্রাস্ট; তার ওপর একের পর এক চুড়ো,  পুরো বরফের টপ্পিং দেওয়া-  চৌখাম্বা, কেদার, হাথিপর্বত, ত্রিশুল,  নন্দাদেবি, নন্দাঘুন্টি, সব যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। অবাক হয়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। এ তো অমানুষিক সুন্দর। হৃৎপিণ্ডে পক্ষাঘাতের সমূহ সম্ভাবনা- চোখে দেখা যায় না প্রকৃতির এই নগ্ন রূপ । সোজা নেমে গেলাম বুগিয়ালে। ধীরে ধীরে সবাই এলো, সবার এক অবস্থা। হাঁ করে তাকিয়ে রইলাম বেশ কিছুক্ষণ, তারপর ডিগবাজি খেতে শুরু করলাম,  চেঁচাচ্ছি, ছবি তুলছি আবার চুপ করে বসে পাহাড় দেখছি। কপাল না করলে, এ জায়গায় আসা যায় না। এইবার আমার নিজের ওপর রাগ ধরতে শুরু করলো- এখানে তো এর আগেও আস্তেও পারতাম কখনো, ভাগ্যিস  মন্দানি ট্রেক বানচাল হয়েছিল, পদ্মকে আবার ক্ষমা করে দিলাম তড়পেছিলাম বলে। প্রকৃতি এখানে অসামান্য। চিত হয়ে শুয়ে রইলাম বেশ কিছুক্ষণ চাঁদ দেখা যাছে নীল আকাশে। সাথে অনুপমের বকবকানি-  গল্পটা খোঁজ, ছবি তুললেই হোল না..   

মোটামুটি প্ল্যান এবার চৌপট হয়েই গেলো- কারণ এখানেই প্রায়  ঘণ্টাখানেক কাটিয়ে  ফেললাম। এইরকম প্রায় ১১০০০ ফীট উঁচুতে এসে, এই দেখার পর হাঁটার গতিবেগ ও অনেক কমে গেছে। মন চাইছে না এত তাড়াতাড়ি জায়গাটা ছেড়ে যেতে। একটাই সান্ত্বনা- এবার চলার পথে পুরোটাই এই দৃশ্য পাবো।  এবার অনুপম কে খাই খাই রোগে ধরেছে। আমাদের ইচ্ছে পঞ্চগঙ্গায় লাঞ্চ করার। যতখানি এগিয়ে থাকা যায় আর কি।অনুপম বলল পিত্রোধারে করবে। রাস্তায় দেখা হোল এক বাঙালি দম্পতির সাথে। বয়স্ক। টুক টুক করে হেঁটে নামছে। খুব সুন্দর হাঁটছেন ওনারা। বেহালায় বাড়ি। এরকম ভাবেই সারা হিমালয় ঘুরে বেড়ান দেবা দেবী মিলে। এমনভাবে বললেন যেন গারিয়াহাটে ঘুরতে বেরিয়েছেন। একটু ঘুরে আবার বাড়ি ফিরে যাবেন। অল্প গল্প করে আবার উঠতে শুরু করলাম। প্রায় ঘণ্টা খানেক পর পৌঁছলাম পিত্রধার। বেশ ভাল লাগল জায়গাটা। পানার থেকে উঁচুতে। সৌন্দর্য প্রায় এক ই রকম। এখানে যা দেখি তাই ভাল লাগে।  একেবারে হাভাতে হয়ে গেছি। শহরে আর পাই কোথায় এসব –সেই তো চেনা চেনা ব্যাজার মুখ, বিশ্রী বগলপচা  গন্ধ , আলু পেয়াজ আর ভেন্ডি; ম্যা গো। বেরোবার সময় দেখলাম, ওই দুই গাড়োয়ালি দুটো থালা  নিয়ে বসে আছে। তাতে পুরো ভাত ডাল সব্জি উঁচু করে ভরা। নড়বার খুব একটা ইচ্ছে যে ওদের আছে, তা খুব একটা মনে হোল না।

অনুপম সেই যে গোঁত্তা মেরে রইলো, আর ঠিক হোল না- কারণ পদ্ম এখানে বেশ জোরের সাথেই ফরমান দিলো, পঞ্চগঙ্গায় লাঞ্চ করা হবে;  বেরোলাম আবার। আমরা বললাম ফেরার সময় পিত্রোধার থাকবো, যতটা এগিয়ে থাকা যায়, অনুপম বলল, না, পঞ্চগঙ্গায় থাকবো। মহা মুশকিল হোল- এখানে বিরিয়ানি পাই কোথায়! বিরিয়ানি না খেলে ওর মুড ঠিক হবে না। থাক, পরে দেখা যাবে, আগে তো পৌঁছই।  চললুম এগিয়ে। পৌঁছলাম পঞ্চগঙ্গায় ১ ঘণ্টা বাদে। একটা খবর পেলাম যে মন্দির সাড়ে বারোটায় বন্ধ হয় আর আবার খুলবে ৪টে তে। কাজেই ফেরার আশা একটু একটু করে কমছিল কারণ পুজো  না দিয়ে ফেরা নেই। আশার  কথা এই যে, সন্ধ্যে নামে দেরীতে।

লাঞ্চ করে তাড়াতাড়ি  রওনা দিলাম। পিত্রোধার আর পঞ্চগঙ্গায় প্রকৃতি নিয়ে বেশি মাথা ঘামালাম না।  দুটো বুগিয়াল ই যাচ্ছেতাই রকম সুন্দর। পুন আর পানার মনের যে জায়গায় বসে গেছে,  সেখানে আর কিছুর জায়গা দেওয়া যাবে না। একসাথে বেশি সুন্দরী দেখলে যেমন মাথার ঠিক থাকে না, কাকে ছেড়ে কাকে দেখব ভেবে- ফুল খোরাক হতে  হয়, এখানেও তাই। আপাতত আর প্রকৃতি নিয়ে মাথা না ঘামিয়ে রওনা দিলাম আবার । ঘড়িতে দেখলাম আমরা প্রায় ১২৫০০ ফিট  পর্যন্ত উঠেছি। টানা উঠেছি এতক্ষণ । এবার উতরাই।

বেশ বরফ পাচ্ছি এবার রাস্তা জুড়ে। এমনিতেই সৌন্দর্যের তুলনা ছিল না, তার সঙ্গে যুক্ত হোল বরফ। আহা! রুদ্রনাথ আমাদের সমস্ত কষ্টের ওপর মলম লাগানর ব্যাবস্থা করেই রেখেছেন। স্টিকের ভরসায় এগিয়ে চলছি। ভাবছি, এখন ই এত বরফ তো একমাস আগে কি ছিল। ছবি তোলা তো চলছেই। আমি আর পদ্ম অনেকটা এগিয়ে। একটু তাড়াতাড়ি হাঁটছি ছবি তোলার সময় বের করার জন্য। অসহ্য সুন্দর চারদিক। এই যে এখানে বলছি, মনে হচ্ছে, যা দেখেছি, তার কিছুই বোঝাতে পারছি না। বলতে গিয়ে যদি বলে না বোঝান যায়, তাহলে ভীষণ কষ্ট হয়, এক ইতা কথা বারবার ফিরে ফিরে আসে, নিজেরই খুব বোরিং লাগে তা ছাড়া  সেই subjectকে অসম্মান ও করা হয়।  খালি এটুকু বলি, এখানে না এলে, একটা অধ্যায় অপূর্ণ  থেকে যেত। আর মিনিট দশেক পর  দেখা গেল বাবা রুদ্রনাথের ঘণ্টা বাঁধা দরজা- মানে পৌঁছলাম বাবার রাজত্বে।  আরও একটু এগিয়ে যখন ১১৮০০ ফিটে বাবা রুদ্রনাথ মন্দির পৌঁছলাম, তখন প্রায় দেড়টা বাজে।

দূরত্ব কোন অবস্থাতেই ২৪-২৫ কিমির কম হবে না – সে যতই রুদ্রনাথ শুরুর মুখে ১৬ কিমি লেখা থাকুক না কেন; মন্দির চত্বরে পৌঁছে প্রথমেই যেটা মনে হোল- সেই ক্লীশে হয়ে যাওয়া চিন্তা-  কেন আগে আসি নি- উফ নিজেই বোর হয়ে গেলাম ভাবতে ভাবতে। কিন্তু আর কিছু কথা খুঁজেও পাচ্ছি না। মন্দির প্রাঙ্গণ  ফাঁকা প্রায়।। ছড়িয়ে ছিটিয়ে দু একজন লোক আর একটা গ্রুপ ভিডিও ক্যামেরা নিয়ে শুটিং করছে।  অপূর্ব আবহ। প্রথম দেখাতে আমাদের চারজনেরই ই মনে হোল- এই সেই মন্দির, যেখানে মন্দির মনে করে আসা যায়। পুজোর কথা ভেবে আশা যায়; ঈশ্বরচিন্তা এমনিতেই চলে আসে;  এখানে আসার জন্য যেন আমরা চারজন ই destined ছিলাম।  চুপ করে মন্দিরের সিঁড়িতে বসে রইলাম। বেশ কিছুক্ষণ। একটু একটু করে তারিয়ে তারিয়ে নিচ্ছি মন্দিরের পুরো আবহটা। কিছু করার নেই। মন্দির খুলবে চারটে তে। পুজো দিয়ে আবার ফেরা। ততক্ষণ তো চেটেপুটে নিয়ে নেই সব কিছু! আসিসদাকে বেশ মিস করছি। এরকম একটা শিবস্থান – আসিসদা প্রান ভরে দেখতে পেতেন, পরোক্ষভাবে উনিও তো দায়ী আমাদের এখানে আসার পেছনে। অন্তত মানতে ভাল লাগছে সেটা।

একটু পর ঠাকুর মশাই, তেওারিজি এলেন।  মন্দির খোলেন নি। ওনাকে দেখে ওই গ্রুপের সর্দার গোছের কেউ এগিয়ে কিছু একটা বলতে গেলো। উনিও ঘাড় নেড়ে কিছু বললেন। মনে হোল, ওরা যা চাইছে, তাতে উনি কিছুতেই রাজি হচ্ছেন না। ধীরে ধীরে, ওই আলোচনাটা একটা বাদানুবাদের চেহারা নিচ্ছে; আমরা একটু এগিয়ে গেলাম ব্যাপারটা জানার জন্য। জানা গেলো,  ওরা পঞ্চকেদারের ওপর একটা ডকুমেন্টারি করছে, তার জন্য পুজারিজির ইন্টার্ভিউ খুব জরুরি।  কিন্তু পুজারিজি কিছুতেই ক্যামেরার সামনে আসবেন না। তীব্র অনুরোধ and ততোধিক তীব্র ভাবে প্রতিরোধ চলছে -শেষে বিরক্ত হয়েই উনি সরে এলেন ওখান থেকে- আমিও সুযোগ বুঝে  গিয়ে আলাপ জমানোর চেষ্টা করলাম- উদ্দেশ্য কত তাড়াতাড়ি আর কত মনের মত করে পুজো দেওয়া যায়। গোদা বাংলায়  ওনাকে ফিট করতে গেলাম।
পরিচয় জিজ্ঞেস করে যে উত্তর পেলাম, তাতে পুরো  চোখের তারা একদম কপালে সেট করে গেলো!  

বয়স প্রায় ৩৫। সৌম্য, দোহারা চেহারা। পেশায় উনি software engineer বোস্টনে চাকরি করেন । বাবা মারা যাওয়ার পর বংশ পরম্পরায় ওনার ওপর দায়িত্ব এসেছে পুজোর। উনি ৬ মাস এখানে থাকেন, পুজো  করেন , বাকি ৬ মাস চাকরি করেন, কিভাবে ম্যানেজ করেন, কিছুতেই বললেন না। এবং  পরিচয় প্রকাশ হওয়ার ভয়ে ক্যামেরার সামনে এলেন না। একটু খোঁচাতেই জানা গেলো, কোন অবস্থাতেই উনি পুজো তো ছাড়বেনই  না। উল্টে মতলব ভাজছেন কিভাবে ভারতে transfer নেওয়া যায়।  সত্যি ব্যাটা সেলুকাস যে কি সাঙ্ঘাতিক একটা কথা বলে গেছিল – এখন টের পাচ্ছি- ও না বললে কত লোকের মুখে যে এই কথাটা বসাতে হত, সংসদের ডিক্সনারিতে কুলাতো না। সত্যি  বিচিত্র দেশ এই ভারতবর্ষ।

উনি কিছুতেই রাজি হলেন না আগে মন্দির খুলে পুজো শুরু করতে। ডকুর গ্রুপটা ওনার মুডের একদম সাড়ে সাতান্ন করে দিয়েছিলও। ওনাকে যত  বোঝাতে চাই যে উনি পুজো না করালে, আমাদের আর পুজো দেওয়া হবে না,  আর এতদূর এসেও আমাদের এই সাধ টা আর পূর্ণ হবে না, তা  ঊনি   উল্টে আমাদের বুঝিয়ে দিলেন –একবার শোচিয়েতো, ইতনা কোরর  ইনসান মে আপলোগ ইয়াঁহা তক আ পউছে, দর্শন কিয়ে, কিতনা ইনসানকো অ্যায়সা নসীব হোতা হ্যাঁয়? ভগওয়ানজীকা কৃপা নেহি হোনেসে আপ লোগ পউছ হি নেহি পাতে। জরূর আপ লোগোমে কুছ হ্যাঁয় জো দুসরো মে নেহি হ্যাঁয়। ইসি  লিয়ে, জো মিল রহা হ্যাঁয়, উসে আপনাইয়ে। দুঃখী মত হোইয়ে; ইয়ে ভি কম নেহি হ্যাঁয়।

ভাবার মতই কথা।  একে তো দার্শনিকমার্কা কথা বলে  আমাদের স্পিরিচুয়াল সত্তা কে কনভিন্স করে দিলেন; ভাবিয়ে দিলেন আমরা কৃপা ধন্য;  এই পুণ্য টাও কম না- এবং এই বক্ত্যব্যটা  আমাদের চিন্তার সাথে মিলে যায় আবার অন্যদিকে আমাদের সেলু মস্তিষ্ক বলে উঠল উনি  বেশ বড় রকমের সেলসম্যান।  দিব্য সুন্দর করে একটা সেন্টু সুড়সুড়ি  দিয়ে বুঝিয়ে দিলেন যে মন্দির উনি কিছুতেই খুলবেন না। সেটা আরও পরিষ্কার  বোঝা গেল , যখন  অনুপম  গদ গদ হয়ে ,’ ঠিক ই তো ঠিক ই তো’ বলে মাথা নাড়তে শুরু করলো। মানে তেওারিজির ভাষণ উনি গিলেছেন। এবং নিজেকে ভোলেবাবার কোলের ছেলে মনে করে অবতার গোছের ভাবতে শুরু করেছেন। কি জানি আয়না থাকলে হয়তো দেখেই নিতো মাথার পেছনে জ্যোতি বেরোচ্ছে কি না।

কিন্তু মন মানছে না।  পুজো না দিয়ে যাওয়ার একদম ইচ্ছে নেই। কিন্তু কিছু বলতে পারছি না; আমরা সবাই মিলেই ঠিক করেছিলাম যে আজ নেমে যাব, এখন থাকার কথা বলতে গেলেই আওয়াজ খাওয়ার সমূহ সম্ভাবনা।  তখন ই গোরা বলে উঠলো- এখানে থেকে গেলে হয় না ? আগে দু জায়গাতেই রাত কাটিয়েছি, এখানেও থাকি। আবার সেন্টিমেন্টাল সুড়সুড়ি কিন্তু আমরা বোধ হয় সবাই এই কথাটা শুনতে চাইছিলাম। কেউ না করলাম না। উল্টে সাত তাড়াতাড়ি খোঁজ খবর নিতে শুরু করলাম থাকার জায়গার। তখন তেওারিজি ই দেখিয়ে দিলেন থাকার জায়গা।  শুনলাম বড় একটা বেঙ্গালুরুর গ্রুপ আসার কথা আছে, রাতে থাকবে। থাকার জায়গা ওই একটাই; আগে ভাগে ঠিক না করলে, জায়গা পাওয়া মুশকিল হয়ে যাবে । সোজা দৌড়লাম বিছানা বুক করতে। দেখে শুনে চারটে  শোওয়ার সিট  বুক করে আবার ফিরলাম মন্দিরে।

তারপর তেওারিজি ই বললেন, সন্ধ্যেতে সন্ধ্যারতি দেখতে, তারপর সকালে ৬টার মধ্যে মন্দিরে এসে- শৃঙ্গার, পুজো সব দেখে তারপর যেতে। আমরা আর মন্দির ছেড়ে গেলাম না। একটু এদিক ওদিক ঘুরছি, ছবি তুলছি, তখনি ওই ক্যামেরাগ্রুপের  সর্দার এসে বলল যে  ডকুমেন্টারির জন্য যাত্রীদের ভাষণ রেকর্ড করা খুব জরুরি, তো আপত্তি না থাকলে আমরা আমাদের বক্ত্যব্য ও জানাতে পারি। সেটা ওরা ওদের স্ক্রিপ্টে এমবেড করে নেবে। পরে ওটা ইউ টিউব, এবং আরো বিভিন্ন চ্যানেলে টেলিকাস্ট হবে! শুনে তো বেশ আহ্লাদ হোল; বক্তব্য জানাবো, তাও ক্যামেরার সামনে, মানে বিখ্যাত হবার প্রথম স্টেপ, তাতে আবার আপত্তি!! তাকিয়ে দেখি অনুপম আর পদ্ম আমার দিকে জিঘাংষুর চোখে তাকিয়ে আছে; মানে আপত্তির আ দেখা গেলেও, আমার শহীদ হওয়া কেউ ঠেকাতে পারবে না। পাগল, ওই রিস্ক কেউ নেয়। একটা ছবি পর্যন্ত রাখবে না ওরা আমার। তাছাড়া ইচ্ছে তো আমার ও ষোল আনা। একটু ভাব টাব নিয়ে,- আমাদের দলপতি একদম পছন্দ করেন না এসব, যা বলার ওনাকে বলুন, বলে পদ্মর দিকে ভিড়িয়ে দিলাম। দেখলাম, পদ্ম বেশ দলপতির মেজাজে প্রস্তাবটা গ্রহণ করলো মানে ওদের ধন্য করতে রাজি হোল বক্তৃতা দিয়ে। 

শুরু হোল পদ্মর বক্তৃতা- রাস্তার চড়াই  দিয়ে শুরু করে, ও কত বড় শিবভক্ত প্রমাণ দিয়ে, সোজা চলে গেল পলুশন এ। মোটামুটি পলুশনের ওপর একটা রচনা লিখে তারপর থামল। ফুল দেশাত্মবোধক বক্তৃতা যাকে বলে। তারপর গেলাম আমি। পদ্ম মোটামুটি আমাদের কারোর জন্যই কিছু রাখে নি বলার মত, তবুও ওর গতেই গতালুম।  তারপর অনুপমের জ্বালাময়ী ভাষণ এবং গোরার উপসংহার। এই করতে করতেই দেখলাম হই হই করতে করতে একগাদা লোক, লুঙ্গি এবং হাফ প্যান্টে ঢুকল সঙ্গে গাদা গাদা ব্যাগ। এক নিমেষে মন্দিরের ফুল শান্তি ভেঙ্গে চুরমার। মন্দির চত্বরে তখন আরতি শুরু হব হব করছে। ওদের মধ্যে কয়েকজন ই দর্শন করলো বিগ্রহ। এক আলো আধারী আধি দৈবিক আবহের মধ্যে আরতি দেখলাম। মন্ত্রোচ্চারণে গায়ে পুরো কাঁটা ধরে গেলো। এখানে যা দেখছি তাতেই মনে হচ্ছে কপালে না থাকলে এসব হয় না। ভগবানের আশীর্বাদ এসব। আমাদের মত তিলেখচ্চর লোকেদেরও স্পিরিচুয়াল অনুভূতি হচ্ছে, মানেই জায়গা এবং মন্দিরের মাহাত্ম্য তো আছেই। মন্দির বন্ধ হোল তারেপর, আমরাও গুটি গুটি নেমে এলাম সরাইখানাতে। এসে যা দেখলাম তাতে চক্ষু একেবারে চড়কগাছ।

আমরা যেখানে চারটে ব্যাগ রেখেছিলাম, সেটুকু ছেড়ে, বাকি পুরো ঘরটায় ওদের লোকে ভরে গেছে। প্রায় ২২ জন ওই ঘরে  জায়গা নিয়ে নিয়েছে তারপর ও এদিক ওদিক আমাদের জায়গার দিকে সরে সরে আসছে মানে গুঁতিয়ে আমাদের চারজনের জায়গায় আরও দু তিনজনের জায়গা করবে। ওদের টিম প্রায় চল্লিশ- বিয়াল্লিশ জনের। আরেকটা ঘরে মহিলারা। আর বাইরে একটা খোলা জায়গা ছিল, মাথায় ছাদ আছে মানে ওই ঢাকা বারান্দা গোছের আর কি, যেখানে আমরা জুতো টুতো রেখেছিলাম, সেখানে গোটা বারো – পুরো খাঁচার মুরগির মত গুঁজে গেলো। আমরা তো হাঁ। অনুপম আর গোরা তাড়াতাড়ি আমাদের জুতো গুলো নিয়ে একটা টং মত জায়গা দেখে, সেখানে তুলে দিলো। তারপর ওই ঢালাও বিছানায় আমাদের অস্তিত্ব রক্ষার জন্য প্রায় ডাইভ দিয়ে ঢুকে গেলাম কম্বলের তলায়। তারপর শুরু হোল একদিকে মদ্রও, আরেকদিকে বঙ্গ- দুই ভাষার ক্যাঁচ ক্যাঁচানি। আমাদের টা ইচ্ছাকৃতও, ওদেরটা অনেকটাই স্বতঃস্ফূর্ত । ন্যাচারালি আমাদের ভলিউম অনেক বেশী। ওরা দেখলাম এদিক ওদিক তাকাতে শুরু করলো। আমরা দমবার লোক ই নই। আমাদের জমিতে বিদেশি শক্তির গাত্রস্খালন একদম ই সহ্য করব না। আমাদের উটপটাং চেঁচামেচিতে ওরা কি বুঝলো কি জানি, কিন্তু আর বিশেষ ঘাঁটাল না। আমার পাশে যে লোকটা ছিল, সে বেশ বুদ্ধিমান। আমার সাথে ভাব জমাতে শুরু করলো। আধা ইংরেজি, আধা কানাড়ি  আর বাকি টা হিন্দি তে। গোরাকেও টক্কর দেয় ওই বিটকেল ভাষা। যতটুকু বুঝলাম তাতে জানা গেলো,ওদের লিডার হচ্ছে কোন এক বিনায়কজি-  যাকে ওরা ভগবানের মত মানে। উনি কিভাবে যেন ভারত সরকারের কাছথেকে একটা এড পান হিমালয় কে প্রমোট করার জন্য। সেইজন্য প্রতি বছর উনি দল নিয়ে বেরিয়ে পড়েন। ওনাদের দলে দুজন মুসলিম মহিলাও আছেন যারা প্রায় প্রতি বছর ওনাদের সাথে তীর্থ দর্শন করে বেড়ায়। ওনারা এখান থেকে যাবেন কল্পনাথ। তারপর কেদার হয়ে ফিরবেন। ভোর চারটের সময় বেরোবেন ওনারা। এক ফাঁকে উনিও বললেন যে আমরা যদি একটু আদজাস্ট করি তাহলে আরও দু চারজনের জায়গা হয়, আর আমিও জানিয়ে দিলাম, আমার আবার ঘুমের ঘোরে লাথি মারার অভ্যেস আছে, সেরকম কিছু হলে উনি যেন কিছু মনে না করেন; শুনে ওই প্রসঙ্গটাই আর উনি তুললেন না । বললেন বিনায়াকজির সাথে আলাপ করিয়ে দেবেন, আমরাও ওই গ্রুপে ঢুকে যেতে পারি; এই সব হাবি জাবি গল্প করতে করতে  খাওয়ার সময় হয়ে এলো। আর এখন আমাদের কাছে সব ই  প্রতিকূল পরিস্থিতি। তো  ডারউইন স্যারের  - struggle for existence- ই ফলো করা ঠিক মনে করে, অগত্যা ওই ঠাণ্ডায় কম্বল থেকে বেরিয়ে ‘কিচেন চলো’ অভিযান শুরু করলাম।

গিয়ে দেখি ওখানেও ইঁদুর দৌড়। আমাদের আগে প্রায় লক্ষাধিক লোকের লাইন।‘ পেট জ্বলছে, তখন ওই বারো পনেরো লোককেও মনে হচ্ছে অগুন্তি। ঢুকতেই পারছি না ভেতরে। রুটি একেবারে চোখের পলকে অদৃশ্য হয়ে যাচ্ছে উনুন থেকেই; থালা অবধি পৌচ্ছচ্ছেই না। আর আমরা এদিকে বেকুবের মত দেখছি আর লুচির মত ফুলেই যাচ্ছি। কথায় আছে , খিধের সময় বেড়াল ও বাঘ হয়ে যায়;  আরে অনুপম তো মোটামুটি all timeক্ষুধার্ত. ও হেভি খচে একটা গোঁত্তা মেরে ঢুকল কিচেনে  তারপর শুরু করলো ‘ হাম কেয়া ভুখা নেহি হ্যাঁয়? হামলোগ পহেলে অর্ডার দিয়া থা- হামকো খানা কিউ নেহি দেগা”। সঙ্গে যোগ দিলাম আমি।  দুই খিল্লিবাজের পাল্লায় পরে মোটামুটি মিনিট পাঁচেকের মধ্যে সিচুয়েসন আমাদের কন্ট্রোলে। ওরা দেখলাম কিরকম ভেবলে গেলো। তাড়াতাড়ি করে প্লেট বাড়িয়ে দিল রুটি আর ডাল দিয়ে সঙ্গে সব্জি। বুঝেও গেলাম ক্লাইভ বাবাজি ওই কজন সৈন্য নিয়ে বাংলা কেমন করে কব্জা করেছিল;  বিজয় গর্বে, চারটে থালা উঁচু করে বেরিয়ে এলাম সঙ্গে দিস্তা খানেক রুটি , সব্জি আর ডাল  অনেক কষ্ট করে অন্ন তুলে দিলাম পদ্ম আর গোরার মুখে!! একটা পতাকার অভাব যা মিস করচ্ছিলাম না, কি বলব! ওটা থাকলেই একটা ঝাণ্ডা গেঁড়ে দিয়ে আসতাম কিচেন বিজয়ের স্মারক হিসেবে।

তারপর আবার সোজা কম্বলের তলায়। অদ্ভুত স্থাপত্য দেখলাম ঘরটার। পুরোটা পাহাড়ের পাথর কেটে বানানো ওপরে  মাটির প্রলেপ।  বাইরে প্রায় জিরোর নীচে টেম্পারেচার; কিন্তু একটুও ঠাণ্ডা ঢুকছে না।  একে প্রচুর লোক তার ওপর ওরকম structure, কিছুক্ষণ বাদেই দেখলাম গরম লাগতে শুরু করল। প্র্যাকটিক্যালি ফ্লীস খুলে  স্রেফ একটা গেঞ্জি পরে শুতে হোল। এদিকে ওরা বকবক করে যাচ্ছিলো। আসতে আসতে ওরাও শুয়ে পরলো। আমরাও মোটামুটি চোখ বুজলাম।
ঘুম ভাঙল একগাদা লোকের কচকচানিতে। চোখ খুলে দেখি প্রায় সাড়ে চারটে বাজে; ভাল করে তাকিয়ে দেখি এর মধ্যে ওদের প্রায় পুরো গ্রুপটা ব্যাগ গুছিয়ে তৈরি। লাফ মেরে উঠে আগে জুতো দেখতে গেলাম, ঠিক ই ছিল। ওদের ওপর সন্দেহ করেছিলাম বলে খুব একটা লজ্জা যে হোল, তা একদম ই না। পাহাড়ে জুতো গেলে, সব গেলো। আর জুতো সরানোর ব্যাপারে কেন জানি না আসমুদ্র হিমাচল অ্যান্ড হিমালয়, সব পাবলিকের  মানসিকতা এক। আর না শুয়ে উঠে পড়লাম। এর মধ্যে আমার সহঘুমন্ত ভদ্রলোকটি তাদের দলপতির সাথে আলাপ করিয়ে দিলও- প্রসিদ্ধ বিনায়াকজি। দেখলাম উনি ঘরের  মধ্যে শোন নি। বাকি লোকেদের সাথে বাইরের ওই পুচকে জায়গাটায় গাদাগাদি করেই শুয়েছিলেন। বুঝলাম, কেন ওনাকে সবাই মানে। শ্রদ্ধা তো আর এমনি এমনি আসে না। দলপতি এরকম ই হতে হয়।

ওরা ফাইনাল টাচ দিচ্ছিল যাওয়ার আগে, আমরা চলে গেলাম মন্দিরে- সময়ও হয়ে গেছিলো।  তেওারিজি এসে গেছেন ততক্ষণে। আমরা ভেতরে ঢুকে বসলাম, শৃঙ্গার শুরু হোল। দেখলাম কতটা যত্ন আর মমতা নিয়ে শিবকে স্নান করালেন, বস্ত্র চড়ালেন, সাজালেন, বুঝলাম, মনের টান না থাকলে আর যাই হোক, এভাবে পুজো করা যায় না। অর্থ, ধনসম্পত্তি কিছুই নয়, প্রচার ও ওনার চাই না, শুধু মন্দির আর ওই বিগ্রহই ওনার ধ্যান জ্ঞান। অনেক উচ্চ শ্রেণীর মানুষ উনি; আমরা তো কিছুই না ওনার সামনে।  ফাঁকতালে পুণ্য লাভ করতে এসেছি। আর ভাবছি, দর্শন তো করেই ফেললাম, এবার স্বর্গবাস অবধারিতও। তাহলে এনাদের স্থান কোথায়?  এখন হয়তো চিন্তা করছেন ৬মাস এখানে থাকার, কোনদিন দেখা যাবে, সব ছেড়েই উনি মন্দিরে পরে আছেন। পরিবেশ টাই এমন যে এমনিতেই চূড়ান্ত নাস্তিক লোকেরও একটা পরিবর্তন আসবেই। তার পর শুরু হোল ওনার পুজো। এরকম পুজো মনে হোল, কখনো দেখিনি। এত সাত্ত্বিক, এত মিনিমাম উপাচারে এরকম পুজো হয়, ভাবাই যায় না। ফুল বলতে রডোডেন্ড্রন -মনে হচ্ছে যেন বাবা স্বয়ং পুজো গ্রহণ করছেন। আবার মনে এসে গেল আশিসদার কথা। বারবার ওই ভদ্রলোক ঘুরে ফিরে মনের মধ্যে বাসা বাধছেন- কি জানি, আমাদের অজান্তেই অবতার টবতার হয়ে গেলেন কি না উনি;   কিন্তু আমার আর পদ্মর এই যে শিবপ্রীতি বা আরও প্রাঞ্জল করে বলতে গেলে এইরকম যে  একটা ভক্তিরস উথলে উথলে পড়ছে, তার প্রধান কারণ ই তো উনি। ওনার কাহিনী বলা, অভিজ্ঞতা শেয়ার করা, এই বয়সে( প্রায় ৬৪) এইরকম প্রাণোচ্ছলতা, সারা ভারত ঘুরে বেড়ান শিব দরশনে, মন্দির দর্শনে। উনি এরকম একটা মন্দিরে আসেন নি, মানে আমাদের সত্যি খারাপ লাগছে। এখানে আসাটা ওনার প্রাপ্যও। দারুন ভাল লাগতো ওনার।  উনি একবার গল্প করেছিলেন, কিভাবে ওনার কেদার দর্শন হয়েছিলো ;

তখনও চাকরি ছড়েন নি ঊনি, ফ্যামিলি নিয়ে কেদার দর্শনে এসেছেন। মেয়ের ১০৪ জ্বর দেখে ফ্যামিলিকে  হোটেলে রেখে ভোর সাড়ে চারটের সময়  মন্দিরে এসেছিলেন  পুজো দিয়ে  তাড়াতাড়ি হোটেল এ ফিরে যাবেন বলে। দুই মেয়ে আর বউদি ছিলেন হোটেলে। বউদিও ডাক্তার। উনি মন্দির খোলার অপেক্ষায় একদম দরজার সামনে বসে আছেন, এমন সময় সেখানে এক সন্ন্যাসিনী উপস্থিত হন সন্ন্যাসীর দল নিয়ে। ওনাদেরও উদ্দেশ্য পুজো দেওয়া।  আসিশদাকে দেখে উনিই কথা বলতে শুরু করেন।  উনি ই জানান যে আসিসদা হোটেল থেকে বেরোবার পরই মেয়ে সুস্থ হয়ে যায়। অবাক হয়ে সন্ন্যাসিনী কে কারণ জিজ্ঞাসা করাতে, উনি বলেন, সব ই বাবার ইচ্ছে। উনি ই মজা করলেন একটু। এবং সত্যি তাই, একটু পরেই বড় মেয়ে লাফাতে লাফাতে এসে হাজির বউদির সাথে। ওই সন্ন্যাসিনীই বলেছিলেন যে ওনার ভবিতব্যই হচ্ছে শিবমাহাত্ত্ব প্রচার করা। বই লেখা, শিব সন্ধানে  সারা ভারত ঘুরে বেড়ানো।  তো এসব ঘটনা তো আর যার তার জীবনে ঘটে না । যাদের সাথে ঘটে, তারা যে সাধারণ মানুষ না, সেটা তো বলারই অপেক্ষা রাখে না। আমি আর পদ্ম মনে মনে ঠিক করে ফেললাম, আশিসদা যদি এখানে আসেন, তো আমরা আবার আসবো। অবশ্য সব ই বাবার ইচ্ছে। উনি চাইলে তবেই হবে।

ও বলা হয় নি, এখানেও দেখলাম শিবলিঙ্গ হেলানো। তেওারিজিও কিছু বলতে পারলেন না কারণটা।  জিজ্ঞেস করতে হবে একবার আশিসদা কে, যদি উনি কিছু জানাতে পারেন।   

শুরু হোল পুজো। ওনার নির্দেশমতো আমরাও মন্ত্রোচ্চারণ করলাম ওনার সাথে সাথে,  কপালে তিলক লাগালাম; সেই অপূর্ব পুজো সমাপ্তও হোল এক সময়। আমাদেরও অন্তরাত্মা তৃপ্ত হোল ফাইনালি।  শেষবারের মত দর্শন করে – বেরিয়ে এলাম ওখান থেকে- সঙ্গে থাকল  সারা জীবনের মত দাগ রেখে যাওয়া এক স্মৃতি।।

 এবার ফেরার পালা। হাঁটার শেষ পর্ব। কারণ কল্পনাথ আমরা যাব গাড়িতে, সাগর থেকে। কল্পনাথ থেকে চলে যাব বদ্রীনাথ। তারপর ফেরা। নটা নাগাদ নামতে শুরু করলাম। অনুপম এবার আগে। উতরাই পেয়ে হুড় হুড় করে নামতে শুরু করলো- পেছনে গোরা। ৪৫ মিনিটে পঞ্চগঙ্গা, তারপর পিত্রোধার হয়ে পানার। আমি আর পদ্ম পেছনে থেকে, ছবি তুলে যাচ্ছি। আবার ধরে নিচ্ছি ওদের। পানারে দাঁড়ালাম না। পাস কাটিয়ে বেরিয়ে গেলাম। ওখান থেকেই একটা রাস্তা নেমে গেছে কল্পনাথ। আমাদের টার্গেট মউলিখরকে লাঞ্চ। মুখে লেগে এখনও আছে সেই  নিমুরা আর রুটি।  হেলতে দুলতে পৌঁছলাম মউলিখরক। বেশ ভিড় দেখলাম ওখানে এবার। কাজেই নিমুরার ফরমায়েশ আর করা গেল না। খিচুড়ি ভাত ডাল, যে যা পারল খেলাম, তারপর আবার নামা।

আবার সেই মাতাল করা রাস্তা, শালা, প্রেম করার সময় এসব রাস্তা, জায়গা পাইনি মাইরি। কি লীলা ঠাকুরের। যেন বলছেন ‘দ্যাখ কেমন লাগে”  নামতে নামতে দেখি একটা বাঙালি পরিবার , স্বামী স্ত্রী আর একটা ত্যাঁদড় বাচ্চা। বাচ্চাটা এক পা করে এগোচ্ছে আর বসে পড়ছে , আর কেলানে বাবাটা ’আর করে না বাবু, এই তো ঘোড়া, এই দেখো সাপ আসবে”  এসব বলে টলে আবার খাড়া করছে। এভাবে চললে কখন পৌছবে কে জানে। কোথায় ঘুরিয়ে দিবি কানের নিচে একটা- একবারে সিধে হয়ে যাবে, তা না তোয়াজ করছে। পড়তো আমার বাবার পাল্লায়- পুরো ঘুঘু দেখিয়ে ছেড়ে দিত। আমরা তো  নেমে গেলাম ওদের কে পেছনে রেখে। আই ব্বাস, আরেকটু এগিয়ে দেখি একজন বয়স্ক লোক আর এক নাদুস নুদুস টাইপের  মহিলা। উনিও বয়স্ক।  ভদ্রলোকের বেলবটম পাজামা, কুর্তা , মাথায় বেঙসরকার মার্কা টুপি আর পায়ে স্নিকার আর ভদ্রমহিলা পরেছেন জিনস, শর্ট কুর্তি আর পায়ে কেডস। ভদ্রলোকের  সাথে চোখাচোখি হতেই ফিক করে একটু  হাসলেন। আমিও হেসে একটু এগিয়ে যেতেই ভদ্রমহিলার স্বগতোক্তি কানে এলো,’ হতচ্ছাড়া বুড়ো ! পুরো মারার কল করে এনেছে। এই রাস্তায় মানুষ যায়? এর নাম ঘুরতে যাওয়া?” মানে যাকে বলে একদম শ্রাদ্ধের মন্ত্র পড়ছেন। বুঝলাম, গালাগালিগুলোর উদ্দেশ্য ওনার বেঙসরকার হাসব্যান্ড; পুরো টুপি পড়িয়ে নিয়ে আসা হয়েছে ওনাকে । কোন আইডিয়াই  দেওয়া হয় নি রাস্তার খাড়াই নিয়ে। হাঁটার অভ্যেস ও বিশেষ নেই। হাঁচর পাঁচড় করে উঠছেন; এইটুকু উঠেই মোটামুটি খাটিয়া খাঁড়া হয়ে গেছে।  আরো বোঝা গেল,  আগে যারা গেছেন, এনারা ওনাদেরই ফ্যামিলির। কিন্তু যেভাবে যাচ্ছেন, তাতে  কিভাবে এবং কবে রুদ্রনাথ পৌঁছবেন – জানি না। আমার মাথায় কি দুষ্টু বুদ্ধি চাপলো কে জানে, আমি বললাম,’ ছি ছি আপনাকে কেউ জানায় নি আগে, এরকম রাস্তার কথা? সামনে তো আরও খাড়াই। আর ঠিক সময়ে না পৌছলে তো অন্ধকার হয়ে যাবে। আর এখানে পাহাড়ে অন্ধকারে কি কি বেরোয়, কে জানে। যাক গে, সাবধানে যাবেন; আশা করি কিছু হবে না” বলে ভদ্রলোকের দিকে আড়  চোখে তাকিয়ে দেখলাম, উনিও হাসছেন- বুঝতে পারলাম ওসব ওনার গা সওয়া। বোধ হয় ঊনি  বোঝাতে চাইলেন ‘ সারা জীবন আমায় নাকানি চোবানি  খাইয়েছে, এবার আমায় ঠেকায় কে।“ একেবারে অমানুষিক প্রতিশোধ। আমিও একটু হেসে নামতে শুরু করলাম। যন্ত্রণা তো সবার ই এক। কতই আর মলম লাগানো যায়, কখনো কখনো, যন্ত্রণা সহ্য করাটাও ওষুধের কাজ করে। শক্ত হয়ে যায় মানুষ।

অনুপম আর গোরা বেশ খানিকটা পিছিয়ে। আমরা আগে আগে পৌঁছলাম পুন বুগিয়ালে। প্রায় সন্ধ্যার মুখে বলা যায়। যদিও আলো যথেষ্ট আকাশে। ওদের দেখা যাচ্ছে না। মানে বেশ খানিকটা সময় হাতে আছে। সোজা চিতপাত হয়ে শুয়ে পড়লাম আকাশের দিকে তাকিয়ে। পাখির ডাক, খোলা নিস্তব্ধতা, সামনে পাহাড়ের গাম্ভীর্য সব মিলিয়ে কেমন যেন ঝিম ধরে গেলো। ধুর, ধুর ভদ্রলোক এসব জায়গায় আসে!! পুরো ভেতরটাকে ঘেঁটে দিয়েছে মাইরি।  কিচ্ছু ভাল্লাগে না আর। শালা আমার ও বলতে ইচ্ছে হোল- কা তব কান্তা কস্তে কন্যা- কিন্তু বেশী আর ভাবতে সাহস করলাম না- বউ এর মুখটা চোখের সামনে চলে এলো। ভাবনাতেই  এসে কেলিয়ে যাবে!  এমনিতেই ….

ওরা পৌঁছল প্রায় মিনিট দশেক পর।  প্রচণ্ড ইচ্ছে হচ্ছিল এখানে রাত কাটানোর। কিন্তু সময় খুব কম তার ওপর ব্যাগ ছেড়ে এসেছি, সব মিলিয়ে নিজেকে সংযত করলাম। পুন বুগিয়াল কে পেছনে রেখে শুরু করলাম চলতে। বাঁকটা ঘুরতেই অদৃশ্য হয়ে গেল পুন বুগিয়াল আমাদের চোখের সামনে থেকে। আবার দেখতে পারবো কি না কে জানে। দেখতে পেলেও এই রূপে কি আর পাবো? মনে মনে বললাম, ভালো থেক পুন বুগিয়াল। সাবধানে থেকো। সভ্যতার অসভ্যতা তো সব জায়গাতেই ঝড়ের গতিতে পৌঁছে যাচ্ছে।

পৌঁছলাম আবার সেই দোকানে, আবার রডোডেন্ড্রনের  রস । আবার হাঁটা।  প্রায় পৌঁছে গেছি- এবার যেন আর পা চলতে চাইছে না। মানসিক ভাবে আমাদের ট্রেকিং প্রায় শেষ। কারণ এরপর গাড়ি প্রায় পুরোটাই।  মন বন্ধ করে দিয়েছে ট্রেকিং আর স্বাভাবিকভাবেই পা আর চলতে চাইছে না। টেনে টেনে পুরো গ্রাম ঘুরে এসে যখন পৌঁছলাম আমাদের গোবিন্দ হোটেলে , তখন ক্লান্তির প্রায় শেষ সীমায় আমরা। আবার আমরা সভ্য শহরে।

বেশ কিছুক্ষণ থম মেরে বসে রইলাম। মানে ধাতস্থ হতে চাইলাম। মন থেকে মানতে সময় নিলাম যে আমরা আর রুদ্রনাথে নেই। তারপর শুরু করলাম গাড়ির খোঁজ। সেটা খুব জরুরী – প্রথমে ঠিক ছিল আমরা ওখান থেকে দেবগ্রাম বেরিয়ে যাব, কল্পনাথের মন্দির দেবগ্রামেই; কাজেই এগিয়ে থাকা যাবে, সকালে তাড়াতাড়ি কল্পনাথ সেরে বেরিয়ে যাওয়া যাবে বদ্রীনাথ। কিন্তু গাড়ি পেতেই এত দেরী হোল যে ফাইনালি রাতে সাগরে থেকে যাওয়াই ঠিক হোল।  প্রমোদ বলে একজন আমাদের নিয়ে এসেছিল রাশি থেকে চোপ্তা। ওর বাড়ি সাগরেই। ওকেই ফোন করা হোল।  রাজিও হয়ে গেল  পরের দিন যেতে। ব্যাস গাড়ি সেট। আমরা আর হোটেলওয়ালাকে লাগেজ রাখার দেড়শ টাকা দিলাম না; কারণ,  থেকেই তো যাচ্ছি। বেশ সামনে খোলা প্যারাপেটের মত খোলা ছাদ ওয়ালা দুটো রুম পেলাম। পাশের রুম টায় আবার দুই বঙ্গীয় জীব। একটা উঠতি কচি মেয়ে- অনুপমের আবার চোখ চকচকিয়ে উঠল… তার মা আবার একটা টাইট লেগিংস আর শর্ট কুর্তি পরে ঘুরে বেড়াচ্ছে। মধ্য তিরিশের গাট্টা গোট্টা বাংলার বধূ –( রবীন্দ্রানাথ নই, তাই বাকিটা মনে মনেই বলে নিলুম), আহা; মনের মধ্যে নি নি করে গান বেজে উঠল। অবচেতনেই হাটা চলা পালটে গেলো আমার আর গোরার।  আ বেশ কেত মেরে দাঁড়িয়ে গেলাম- আর আড়চোখে দিব্য ঝাড়ি করতে শুরু করলাম। নিজেদের কে নিজেরাই বোঝালাম, বহুত খাটনি করে এসেছি, এটুকু আমাদের পাওনা।  এর মধ্যে সেই কচির বাবা, ইয়া হুমদো মত  টাকলা কুচকুচে একটা লোক এসে মেয়েটা কে প্রায় দূর দূর করে তাড়িয়ে নিয়ে ঘরে ঢুকিয়ে দিল- লোকের ভাল আর সহ্য হবে কেন! মেয়েটার  যে খুব যাওয়ার ইচ্ছে ছিল, তা নয়।  কিন্তু ওইরকম মুষকো বাবা কে ঘাঁটাবে, অত বড় ও হয় নি। তাই নিমরাজি গোছের হয়ে চলে গেলো। আমরাও বেশ কড়া কড়া বেশ কয়েকটা অভিশাপ দিয়ে ফেললাম টাকলাকে। শালা, সত্যযুগ হলে …. টাকলা আর টাকলার বউ কে একসাথে দেখতে দেখতে হঠাৎ একটা অ্যাডাল্ট দৃশ্যকল্প  চোখের সামনে ভেসে উঠল- মানে ওই আর কি, ওই কেলেচুক লোকটা ওর বউ এর সাথে রাতে খুব ইয়ে ইয়ে করছে –beauty and the beast একেবারে।  আর চোখের সামনে দৃশ্যটা ভাসতেই, ফ্যাক  করে হাসি ও এসে গেলো।  এইরকম একটা লোমান্টিক মানে লোম খাড়া করা  সিচুয়েশনে হঠাৎ পদ্ম, মূর্তিমান অসুরের মত  একটা গামছা পরে, রোমশ  গায়ে,  স্নান সেরে হাতে পৈতে জড়িয়ে চাড্ডি মেলতে বাইরে চলে এল।  এরকম একটা রোমান্টিক পটভূমি তৈরি হয়েছে,তাতে কোন কোন ভ্রুক্ষেপই নেই।  চাড্ডি, গেঞ্জি মেলে উনি আকাশের দিকে  মুখ তুলে অ্যাঁও অ্যাঁও  করে মন্ত্র পড়তে শুরু করলেন।  
পুরো  সিচুয়েশন একেবারে  চটকে চোদ্দ। নায়িকা মহোদয়া ‘উমফ’ করে একটা বিদঘুটে আওয়াজ করে সোজা ভেতরে। গোরা তো প্রায় ভস্মই করে দ্যায় পদ্মকে প্রায়।  আর পদ্ম মহারাজ, প্রণাম সেরে, তর্জনী দিয়ে কান চুলকোতে চুলকোতে ( যেভাবে চুল্কাচ্ছিল, সেটাকে ঘাটা বলে, চুলকানি নয়) তা ওই কান ঘাটতে ঘাটতেই- যাও, তোমরা স্নান করতে যাবে না? যাও তাড়াতাড়ি যাও” বলতে বলতে ঘরে ঢুকে গেলো। ঘরে ঢুকতে ঢুকতেই দেখলাম  ওর চুলকানি কান থেকে পেছনে নেমে এসেছে। গোরা গজগজ করতে শুরু করলো- এখন ই পদ্মর না বেরোলে চলছিল না।।   পুরো গুবলেট করে দিলো একেবারে।  আমাদের ও আর স্নান করতে যাওয়া ছাড়া আর কিছু করার রইল না।
স্নান সেরে শান্তি- প্রায় পাঁচ দিন পর স্নান, শরীরে জল পড়তেই একেবারে শরীর জুড়িয়ে  এলো। আমরাও জামা কাপড় মেলা মেলি করে ফ্রেশ হয়ে এসে আবার দাঁড়ালাম ছারান্দায়( ছাদ+ বারান্দা) দারুন লাগছে সন্ধ্যে নামাটা দেখতে সাগারের। একদম ল্যাদ খাওয়া একটা শহর। সন্ধ্যের পর রাস্তায় কিচ্ছু নেই।  চাহিদাওকম, জোগানও কম, শান্তি বেশি। আমাদের কাছে দিন দুএকের ভাল লাগার জায়গা। তা ওই একটুকু সন্ধ্যেটাই বা মিস করি কেন। ছারান্দা থেকে  নড়তেই ইচ্ছে করছিল না। একেতে জায়গাটা দারুন, পুরো পাহাড়, আর সামনের রাস্তাটায় পোস্টের আলো জ্বলে রয়েছে। একেবারে সেই পুরনো ঐতিহাসিক গ্যাসবাতির সময়ে ফিরে গেলাম যেন, তার ওপর মাঝে মাঝেই কচি আর কচির মা এসে ঘুরে বেড়াচ্ছে। সুন্দরী মেয়েদের শরীর থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়, নাকে লাগছে সেই গন্ধটা;  চোখে না দেখেও বেশ টের পাওয়া যায় যে সুন্দরীর আবির্ভাব হয়েছে - সব মিলিয়ে বেশ লাগছে। একেবারে ফুল সম্রাট ও সুন্দরী কেস। আর একটা দুর্দান্ত আবিষ্কার করলাম- টাকলা আর টাকলার মেয়ের জিন্‌স এক – ডিজাইন, কোম্পানি, রং- সব- পরেরদিন দেখেছিলাম, সেক্সি বউদির জিন্‌সও একরকম- মানে ফুল ফামিলিপ্যাক কেনা। হয়তো  দুটোয় একটা ফ্রী। ভীষণ জিজ্ঞেস করার ইচ্ছে হয়েছিল যে, জেয়ান্সগুলো সব লেডিস না জেন্টস। মানে তিনটে একরকম যখন, কে কোনটা পরেছে- টাকলা লেডিস জিন্‌স?  না… সাহসে কুলোয় নি আর।

রাতে ভরপেট খেলাম-  রুটি, ভাত,ডাল,সব্জি,  ডিমের অমলেট, আর শেষ  পাতে গাদা খানেক টক দই দিয়ে। তারপর শেষবারের মত রাতের সাগর দেখে, সোজা বিছানায়। উঠলাম একদম ভোরে – ওই বঙ্গ ফ্যামিলির বেরিয়ে যাওয়ার সময়। দেখলাম সপরিবারে ওনারা চড়ে বসলেন তিনটে খচ্চরের পিঠে; তারপর রওনা দিলেন রুদ্র নাথের দিকে।  একটু বাদে আমরাও তৈরি হয়ে নিলাম- প্রমোদ ও এসে গেছে, মালপত্র লোড করে নিলাম জীপের মাথায়;  শুরু হোল কল্পনাথ যাত্রা।  
PANAR

MAP OF PANCH KEDAR

WAY TO MAOULIKHARAK

PANAR-2

PANAR-3

PANAR-4

PANAR-5

PANAR-7

PUN BUGIYAL

PUN BUGIYAL

RUDRANATH TEMPLE

THE TEAM

ON THE WAY TO PANAR

ON THE WAY TO RUDRANATH FROM PANAR

YELLOW FLAG OF PANAR


GARWALI BEAUTY- ANUPAM'S CLICK

PANAR- ANUPAM'S CLICK

THE TEAM

ON THE WAY FROM PANCHGONGA TO RUDRANATH

FROM PANAR
VIEW FROM PANAR

PANAR

VIEW FROM PANAR

Comments

  1. চমত্কার লেখা,

    ReplyDelete
  2. অনেক নতুন তথ্য পেলাম। আর সাথে বেশ কিছু নতুন কথা। "সভ্যতার অসভ্যতা" টা বেশ লাগলো। লেখা নিয়ে আর নতুন কিছু বলার নেই। ছবি গুলো ওখানে যাবার ইচ্ছে জাগায়। পুন বুগিয়াল সাংঘাতিক রকমের সুন্দর।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

চার কেদার এক বদ্রী- কল্পনাথ

চার কেদার এক বদ্রী- তুঙ্গনাথ পর্ব

চার কেদার এক বদ্রী -পর্ব -২- মদ্‌মহেশ্বর অভিযান